বাসস
  ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৭
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৬

ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে চায় নিউজিল্যান্ড

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জিতলেই সেমিফাইনাল, এমন সমীকরণ নিয়ে আগামীকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে সুপার এইটে গ্রুপ-২এ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ইংল্যান্ডকে হারিয়ে পঞ্চমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নাম লেখাতে মরিয়া নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে রিজার্ভ বেঞ্চ ঝালিয়ে দেখতে চায় প্রথম দুই ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত করা ইংল্যান্ড।

কলম্বোতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে নামবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।

কলম্বোতে বৃষ্টির কারণে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের সাথে পয়েন্ট ভাগাভাগি করে নিউজিল্যান্ড। ১ পয়েন্ট নিয়ে কলম্বোতেই নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলংকার মুখোমুখি হয় কিউইরা। অধিনায়ক মিচেল স্যান্টনার ও কোলে ম্যাকোঞ্চির লড়াকু জুটির পর স্পিনার রাচিন রবীন্দ্রর বোলিং নৈপুন্যে লংকানদের ৬১ রানে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখে নিউজিল্যান্ড।  

শ্রীলংকার বিপক্ষে জয়ে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠল নিউজিল্যান্ড। সেমিফাইনালে খেলতে হলে ইংল্যান্ডের বিপক্ষে জয় বা অন্তত ১ পয়েন্ট পেলেই হবে কিউইদের।

তবে ইংলিশদের কাছে হেরে গেলেও, সেমিফাইনালে খেলার স্বপ্ন বেঁচে থাকবে নিউজিল্যান্ডের। এজন্য তাকিয়ে থাকতে হবে পাকিস্তান ও শ্রীলংকার ম্যাচের দিকে। ২ ম্যাচে ১ পয়েন্ট আছে পাকিস্তানের। শ্রীলংকার বিপক্ষে জিতলে নিউজিল্যান্ডের সমান ৩ পয়েন্ট হবে পাকিস্তানের। তখন রান রেট বিবেচনায় আসবে। আর যদি, শ্রীলংকার কাছে হেরে যায় তাহলে সুপার এইট থেকেই বিদায় নেবে পাকিস্তান। প্রথম দুই ম্যাচ হেরে ইতিমধ্যে বিদায় নিশ্চিত করেছে শ্রীলংকা।

তবে রান রেট বা পাকিস্তান-শ্রীলংকার ম্যাচের দিকে তাকিয়ে না থেকে নিজেদের সামনে থাকা সমীকরণ- ‘জিতলেই সেমিফাইনাল’, এটিই শতভাগ পূরণ করতে চায় নিউজিল্যান্ড। দলের অধিনায়ক স্যান্টনার বলেন, ‘আমাদের সামনে সেমিফাইনালে খেলার সহজ উপায় হল- জয়। ইংল্যান্ডের বিপক্ষে আমরা জয় ছাড়া অন্য কিছু ভাবছি না। শেষ ম্যাচে তিন বিভাগে ভাল পারফরমেন্স করে শেষ চারে নাম লেখাতে চাই আমরা।’

শ্রীলংকাকে ৫১ রানে এবং পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে বিশ্বকাপে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড। এ কারনে শেষ ম্যাচটি ইংলিশদের জন্য নিয়মরক্ষার। এ ম্যাচে দলের রিজার্ভ বেঞ্চ ঝালিয়ে নিতে চান অধিনায়ক হ্যারি ব্রুক, ‘আমরা শেষ ম্যাচে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে চাই। সেমিফাইনালের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার এটিই সেরা সুযোগ আমাদের।’

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৩০ ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। এরমধ্যে ইংলিশদের জয় ১৬টিতে এবং কিউইদের জয় ১০টিতে। ১টি ম্যাচ টাই ও ৩টি পরিত্যক্ত হয়। টাই হওয়া ম্যাচে সুপার ওভারে জয় পায় ইংল্যান্ড।

নিউজিল্যান্ড দল : মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সেইফার্ট, ইশ সোধি, কাইল জেমিসন।

ইংল্যান্ড দল : হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, স্যাম কারান, লিয়াম ডওসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং ও লুক উড।