শিরোনাম

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো বয়কট শেষে দলে ফেরার পর টানা তৃতীয় ম্যাচে গোল করে আল নাসরকে সৌদি পেশাদার লিগে আবার শীর্ষস্থানে তুলেছেন। বুধবার তলানির দল আল নাজমাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে আল নাসর।
সপ্তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে এগিয়ে দেন রোনাল্ডো। এরপর কিংসলে কোম্যান ও ইনিগো মার্টিনেজ প্রথমার্ধে আরো দুই গোল যোগ করলে ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় আল নাসর।
দ্বিতীয়ার্ধের শুরুতে সাদিও মাসের গোলে ব্যবধান বাড়ে। এরপর কোচ জর্জ জেসুস ধীরে ধীরে তারকা খেলোয়াড়দের তুলে নেন, যার মধ্যে রোনাল্ডোও ছিলেন। চলতি মৌসুমে লিগে রোনাল্ডোর গোলসংখ্যা এখন ২০। সৌদি গোল্ডেন বুটের লড়াইয়ে আল আহলির ইভান টনির থেকে তিনি তিন গোল পিছিয়ে রয়েছেন।
এটি আল নাসরের মৌসুমের ১৯তম জয়, যা লিগে সর্বোচ্চ। ২৩ ম্যাচে তাদের পযয়েন্ট ৫৮। পুরো মৌসুমে এখন পর্যন্ত তারা মাত্র একবার হেরেছে। দ্বিতীয় স্থানে থাকা আল আহলির চেয়ে দুই পয়েন্টে এগিয়ে রয়েছে।
এই মাসের শুরুতে আল ইত্তিহাদ ও আল রিয়াদ’র বিপক্ষে ম্যাচে খেলেননি রোনাল্ডো। সাম্প্রতিক ট্রান্সফার উইন্ডোতে ক্লাবকে আর্থিক সহায়তা না দেওয়ায় তিনি অসন্তুষ্ট ছিলেন বলে জানা যায়।
রিপোর্ট অনুযায়ী, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-এর ওপর তিনি ক্ষুব্ধ ছিলেন, কারণ প্রতিদ্বন্দ্বী আল হিলাল করিম বেনজেমাকে আল ইত্তিহাদ থেকে দলে ভেড়ায়। যাদের ৭৫% মালিকানাও পিআইএফের। বেনজেমা রোনাল্ডোর সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ।