বাসস
  ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৮

ভিনিসিয়াসের গোলে রিয়ালের জয়, মোনাকোকে হারিয়ে শেষ ষোলতে পিএসজি

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ভিনিসিয়াস জুনিয়রের জয়সূচক গোলে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’তে উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট-জার্মেই ১০ জনের মোনাকোকে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে।

মাদ্রিদে প্লে-অফের দ্বিতীয় লেগে রিয়াল ২-১ গোলে বেনফিকাকে পরাজিত করে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে পরের রাউন্ডে উঠেছে। রিয়াল কোচ আলভারো আরবেলোয়া বলেন, “ভিনি দুর্দান্ত ম্যাচ খেলেছে। প্রতিপক্ষকে নাজেহাল করেছে, গোল করেছে, প্রতি আক্রমণেই বিপদ তৈরি করেছে।”

লিসবনে প্রথম লেগে বর্ণবাদ ইস্যুতে বিতর্কের এক সপ্তাহ পর ভিনিসিয়াস মাঠে পারফরম্যান্স দিয়ে জবাব দেন। বর্ণবাদেও ঘটনায় অভিযুক্ত আর্জেন্টাইন মিডফিল্ডার গিয়ানলুকা প্রেস্টিয়ান্নি উয়েফার সাময়িক নিষেধাজ্ঞার কারণে ম্যাচে খেলেননি। বেনফিকার কোচ হোসে মরিনহোও গতকাল সাবেক ক্লাবের বিপক্ষে ম্যাচে নিষিদ্ধ ছিলেন।

১৪ মিনিটে রাফা সিলভা বেনফিকাকে এগিয়ে দিলেও দুই মিনিট পর ফেডেরিকো ভালভার্দের কাটব্যাক থেকে অরেলিয়েন টিচুয়াামেনি সমতা ফেরান। চোটের কারনে ফরাশি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে কাল দলে ছিলেননা।  ম্যাচের ১১ মিনিট বাকি থাকতে ভিনিসিয়াস গোলরক্ষক আনাতোলি ত্রুবিনকে পরাস্ত করে জয় নিশ্চিত করেন। টিচুয়ামেনি একে “বর্ণবাদের বিরুদ্ধে জয়” বলে উল্লেখ করেন।

প্যারিসে পিএসজি ২-২ গোলে ড্র করলেও দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে মোনাকোকে হারায়। কোচ লুইস এনরিকে বলেন, “এই মৌসুমে আমরা দেখিয়েছি আমাদের দৃঢ়তা ও সমস্যা সমাধানের ক্ষমতা।”

প্রথমার্ধের শেষ দিকে মামাদু কুলিবালির পাস থেকে ম্যাগনেস আকলিউশ গোল করে সমতা আনেন। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে কুলিবালি দ্রুত দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচের মোড় ঘুরে যায়।

ডিজায়ার ডুয়ের পাস থেকে মারকুইনহোস পোস্টের কাছ থেকে গোল করেন। ছয় মিনিট পর আশরাফ হাকিমির দূরপাল্লার শট রুখে দেন গোলরক্ষক ফিলিপ কোহেন। কিন্তু ফিরতি বলে কাভিচা কাভারাটসখেলিয়া গোল করলে মোনাকোর আশা প্রায় শেষ হয়ে যায়। যোগ করা সময়ে জর্ডান তেজে গোল করলেও তা যথেষ্ট ছিল না।

জুভেন্টাস ১০ জন নিয়ে তুরিনে গ্যালাতাসারেকে ৩-২ গোলে হারালেও দুই লেগ মিলিয়ে ৭-৫ ব্যবধানে পিছিয়ে থেকে এবারের আসর থেকে বিদায় নিয়েছে। প্রথম লেগে ৫-২ গোলে পিছিয়ে থাকায় জুভেন্টাসের ম্যাচে ফেরত আসা কঠিন ছিল।

অধিনায়ক ম্যানুয়েল লোকাতেল্লি পেনাল্টি থেকে আশা জাগান। কিন্তু ইংলিশ ডিফেন্ডার লয়েড কেলি দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখলে জুভেন্টাস চাপে পড়ে। ফেডেরিকো গাত্তি ও ওয়েস্টন ম্যাকেনি গোল করে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যান। তবে অতিরিক্ত সময়ে ভিক্টও ওশিমেন ও বারিস ইলমাজ গোল করে তুর্কি ক্লাবকে পরের রাউন্ডে তোলেন।

অন্য ম্যাচে আটালান্টা ঘরের মাঠে বরুসিয়া ডর্টমুন্ডকে ৪-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে শেষ ষোল নিশ্চিত করেছে। যোগ করা সময়ে সার্বিয়ান মিডফিল্ডার লাজার সারারজিকের পেনাল্টিতে আটালান্টার  জয় নিশ্চিত হয়।