শিরোনাম

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ২০০৪ সালের পর আবারও ডারউইনে টেস্ট ম্যাচ আয়োজন করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজের সূচী আজ ঘোষনা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়। সিরিজের বাকি টেস্টটি হবে ম্যাকেতে।
আগামী ১৩-১৭ আগস্ট ডারউইনের মারারা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে। ২২-২৬ আগস্ট ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনাতে আয়োজিত হবে দ্বিতীয় টেস্ট।
২০১৭ সালের পর বাংলাদেশের বিপক্ষে এটাই অস্ট্রেলিয়ার প্রথম কোন টেস্ট সিরিজ। অস্ট্রেলিয়ার মাটিতে এনিয়ে দ্বিতীয়বারের মত টেস্টে খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২০০৩ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলেছিল টাইগাররা।
২০২০ সালে বাংলাদেশে এই সিরিজ আয়োজনের কথা থাকলেও কোভিড-১৯ মহামারীর কারনে তা বাতিল হয়ে গিয়েছিল।
আসন্ন এই সিরিজটি চলমান ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশীপের (ডব্লিউটিসি) অংশ। একইসাথে লাল বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার ব্যস্ত সূচীর প্রথম সিরিজ।
গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা বলের সিরিজে ডারউইন ও ম্যাকেতে খেলা হয়েছিল। ডারউইনে এর আগে ২০০৩ সালে বাংলাদেশ ও ২০০৪ সালে শ্রীলংকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
আগামী বছর বাংলাদেশ ছাড়াও নিউজিল্যান্ড চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফর করবে। টেস্টগুলো যথাক্রমে পার্থ, এডিলেড, মেলবোর্ন ও সিডনিতে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সিরিজের পর অস্ট্রেলিয়া তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে। এছাড়া ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে। গ্রীষ্মের বাকি সময়টাতে সীমিত ওভারের সিরিজ খেলতে ইংল্যান্ড আসবে অস্ট্রেলিয়ায়।
২০২৭ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। মার্চে এমসিজিতে ১৫০তম টেস্ট উদযাপন করতে ইংল্যান্ডকে আতিথ্য দিবে অসিরা।
২০২৭ সালের জুন-জুলাইয়ে রয়েছে এ্যাশেজ সিরিজ।
অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজের সূচী :
১ম টেস্ট : ১৩-১৭ আগস্ট, মারারা স্টেডিয়াম, ডারউইন
২য় টেস্ট : ২২-২৬ আগস্ট, গ্রেট ব্যারিয়ার রিফ এরেনা, ম্যাকে।