বাসস
  ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪০
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪২

প্রথমবারের মত শ্রীলংকাকে আতিথেয়তা দেবে আফগানিস্তান

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজে প্রথমবারের মত শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে খেলবে আফগানিস্তান। এই তথ্য নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

১৩ থেকে ২৫ মার্চের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান।

এর আগে কখনও স্বাগতিক হিসেবে শ্রীলংকার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করেনি এসিবি।

৮ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হবার পাঁচ দিন পর টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে আফগানিস্তান ও শ্রীলংকা। ১৩, ১৫ এবং ১৭ মার্চ শারজায় টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো খেলবে দু’দল। এরপর দুবাইতে ২০, ২২ এবং ২৫ মার্চ ওয়ানডে সিরিজ খেলতে নামবে আফগানিস্তান ও শ্রীলংকা।

সব মিলিয়ে দ্বিতীয় দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান ও শ্রীলংকা। প্রথম সিরিজ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে শ্রীলংকার মাটিতে অনুষ্ঠিত হয়েছিল। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল আফগানিস্তান।

চতুর্থবারের মত দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান ও শ্রীলংকা। এর আগে ২০২২, ২০২৩ এবং ২০২৪ সালে শ্রীলংকার মাটিতে ওয়ানডে সিরিজ খেলেছিল দু’দল। ঐ তিন সিরিজের দু’টি যথাক্রমে ২-১ ও ৩-০ ব্যবধানে জিতে শ্রীলংকা। বাকী একটি সিরিজ ১-১ সমতায় শেষ হয়।

আফগানিস্তান ও শ্রীলংকার মধ্যকার ওয়ানডে সিরিজ শেষ হবার পরের দিন মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আসন্ন আইপিএল ও পিএসএলে অংশ নেবেন দাসুন শানাকা, রশিদ খান, কুশল পেরেরা এবং নূর আহমেদসহ দু’দলের বেশ কিছু ক্রিকেটার।