বাসস
  ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৮

এপ্রিলে বেলিংহামের ফেরার আশা করছে রিয়াল মাদ্রিদ

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : এপ্রিলের শুরুতে জুড বেলিংহাম ও সেন্টার-ব্যাক এডার মিলিটাওয়ের মূল দলে ফেরার ব্যপারে আত্মবিশ্বাসী রিয়াল মাদ্রিদ। ক্লাবের একটি সূত্র ইএসপিএনকে বিষয়টি নিশ্চিত করেছে।

এই দুই খেলোয়াড় বেশ কিছু সপ্তাহ ধরে পেশীর ইনজুরিতে ভুগছেন। তাদের মাঠে ফেরার ব্যপারে নিশ্চিত করে কিছু বলাও যাচ্ছেনা। যদিও সম্প্রতি তাদেরকে ব্যক্তিগত ভাবে অনুশীলন করতে দেখা গেছে। সূত্রটি জানিয়েছে এপ্রিলের শুরুতে উভয় খেলোয়াড়ের মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।

গত ৭ ডিসেম্বর লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে বার্নাব্যুতে ইনজুরিতে পড়েন মিলিটাও। এপ্রিলে শেষ পর্যন্ত মাঠে ফিরতে পারলে দীর্ঘ চার মাসের অপেক্ষার অবসান হবে।

অন্যদিকে বেলিংহাম গত ১ ফেব্রুয়ারি রায়ো ভায়োকানোর বিপক্ষে ইনজুরিতে আক্রান্ত হন। প্রথম স্ক্যানে ধারণা করা হয়েছে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে অন্তত এক মাস লাগতে পারে।

তবে স্বস্তির বিষয় হচ্ছে প্রাথমিক ধারনার থেকে দ্রুতই সুস্থ হয়ে উঠছেন বেলিংহাম।

রিয়াল কোচ আলভারো আরবেলোয়া আগামী অন্তত পাঁচ ম্যাচের জন্য বেলিংহাম ও মিলিটাওকে দলে ডাকছেন না। এর মধ্যে ঘরের মাঠ বার্নাব্যুতে বেনফিকা, গেতাফে, এলচে ও এ্যাথলেটিকো মাদ্রিদ ও সেল্টা ভিগোর বিপক্ষে এ্যাওয়ে ম্যাচ রয়েছে। এছাড়া মার্চে আন্তর্জাতিক বিরতিতে এই দুই খেলোয়াড় যথাক্রমে ইংল্যান্ড ও ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামতে পারছেন না।

মায়োর্কার বিপক্ষে আগামী ৫ এপ্রিল দুজনেই দলে ফিরতে পারেন।

এদিকে পেশীর অস্বস্তির কারনে বুধবার বেনফিকার বিপক্ষে আবারও ডিন হুইসেনের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আগামী কয়েক ঘন্টা স্প্যানিশ এই সেন্টার-ব্যাকের শারিরীক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। তারপর জানা যাবে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের দ্বিতীয় লেগে তিনি খেলতে পারবেন কিনা।

তবে সূত্রটি নিশ্চিত করেছে পেশীর ইনজুরি কাটিয়ে রডরিগো পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। ওসাসুনার বিপক্ষে লা লিগার পরবর্তী ম্যাচের জন্য তিনি এখন পুরোপুরি ফিট। তবে ক্লাব তাকে নিয়ে এই মুহূর্তে কোন ঝুঁকি নিতে চাচ্ছেনা। নিষেধাজ্ঞার কারনে বেনফিকার বিপক্ষে তিনি খেলতে পারছেন না।