বাসস
  ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৬

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ নারী দল

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ১৪ জুন ইংল্যান্ডের বার্মিংহাম ক্রিকেট গ্রাউন্ডে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ।

আজ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টুর্নামেন্টের গ্রুপ এবং সূচি প্রকাশ করেছে। আইসিসি জানিয়েছে, ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ড এন্ড ওয়েলসে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের প্রাথমিক গ্রুপিং আগেই ঘোষণা করা হয়েছিল। চলতি মাসের শুরুতে নেপালে বাছাইপর্ব শেষ হবার পর পুরো টুর্নামেন্টের গ্রুপ ও সূচি চূড়ান্ত হয়। বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। 

বিশ্বকাপে গ্রুপ-১’এ খেলবে বাংলাদেশ। নেদারল্যান্ডস ছাড়াও ঐ গ্রুপে আরও আছে- অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান। বাছাই পর্বে চতুর্থ হয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে নেদারল্যান্ডস। 

গ্রুপ-২’এ আছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলংকা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড। বিশ্বকাপ বাছাই পর্বে আয়ারল্যান্ড রানার্স আপ ও স্কটল্যান্ড তৃতীয় হয়ে মূল পর্বে খেলার টিকিট পায়। 

১৭ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে হেডিংলিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২০ জুন সাউদাম্পটনে পাকিস্তানের বিপক্ষে, ২৫ জুল ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের বিপক্ষে এবং ২৮ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

এনিয়ে টানা সপ্তমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। তবে কোন আসরেই গ্রুপ পর্বের বাঁধা টপকাতে পারেনি টাইগ্রেসরা।

৩০ জুন ও ২ জুলাই দু’টি সেমিফাইনাল ওভালে অনুষ্ঠিত হবে। ৫ জুলাই লর্ডসের ফাইনাল দিয়ে শেষ হবে বিশ্বকাপ।