শিরোনাম

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : আকবর আলির শতকে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) শুভ সূচনা করেছে নর্থ জোন। আজ থেকে শুরু হওয়া বিসিএলে নিজেদের প্রথম ম্যাচে নর্থ জোন ৫৪ রানে হারিয়েছে ইস্ট জোনকে।
ছয় নম্বরে ব্যাট হাতে নেমে ৮৭ বলে ১১১ রান করে ম্যাচ সেরা হন ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের অধিনায়ক আকবর।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ রানে প্রথম উইকেট হারায় নর্থ জোন। ২টি ছক্কা ও ১টি চারে ১৬ রান করে আউট হন হাবিবুর রহমান সোহান।
দ্বিতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়েন তানজিদ হাসান ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে বিদায় নেন ৮টি চার ও ১টি ছক্কায় ৪৪ বলে ৫৪ রান করা তানজিদ।
মিডল অর্ডারে ব্যর্থ হন লিটন দাস ও তাওহিদ হৃদয়। লিটন ১০ ও হৃদয় ২ রান করেন।
২০তম ওভারে দলীয় ১১৮ রানে চতুর্থ উইকেট পতনের পর ক্রিজে শান্তর সঙ্গী হন আকবর। পঞ্চম উইকেটে ১২০ রান যোগ করেন তারা। ৪টি চার ও ১টি ছক্কায় ৮৭ বল খেলে শান্ত ৬৮ রানে থামলেও, সেঞ্চুরির স্বাদ নেন আকবর।
৮টি চার ও ৬টি ছক্কায় গড়া আকবরের ৮৭ বলে ১১১ রানের ইনিংসের সুবাদে ৫০ ওভারে ৩৩৫ রান তুলে গুটিয়ে যায় নর্থ জোন। খালেদ আহমেদ ৪ উইকেট নেন।
৩৩৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ইস্ট জোনের উপরের সারির চার ব্যাটারের কেউই বড় ইনিংস খেলতে পারেনি। জাকির হাসান ৮, পারভেজ হোসেন ইমন ৩৫, অমিত হাসান ২২ ও অধিনায়ক ইয়াসির আলি ৪২ রানে আউট হন।
মিডল অর্ডারে তিন ব্যাটারের ব্যর্থতার পরও হাফ-সেঞ্চুরির দেখা পান মোমিনুল হক ও নাইম হাসান। তাদের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৪৯.৪ ওভারে ২৮১ রানে গুটিয়ে যায় ইস্ট জোন। ৭টি চার ও ১টি ছক্কায় মোমিনুল সর্বোচ্চ ৮৩ রান করেন। ৭টি বাউন্ডারিতে ৫০ রানে অপরাজিত থাকেন নাইম। নর্থ জোনের স্পিনার রিশাদ হোসেন ৪ উইকেট নেন।