শিরোনাম

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : শনিবার ইংলিশ ফুটবলের ইতিহাসে নতুন এক রেকর্ডের জন্ম দিয়েছে জেমস মিলনার। ব্রাইটনের হয়ে ব্রেন্টফোর্ডের মাঠে ২-০ গোলে জয়ের ম্যাচে অংশ নিয়ে তিনি প্রিমিয়ার লিগে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড গড়েন। এটি ছিল ইংল্যান্ডের শীর্ষ লিগে তার ৬৫৪তম ম্যাচ।
৪০ বছর বয়সী এই মিডফিল্ডার ইংল্যান্ড জাতীয় দলের সাবেক মিডফিল্ডার গ্যারেথ ব্যারির ৬৫৩ ম্যাচের রেকর্ড ভেঙে দেন। কিক-অফের আগে তার মাইলফলক ঘোষণা করা হলে স্বাগতিক সমর্থকরাও দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান।
তবে মিলনার চান আলোচনার কেন্দ্রবিন্দু যেন আবার দলে ফিরে যায়। কারণ ব্রাইটন ছয় ম্যাচের জয়হীন ধারা কাটিয়ে টেবিলে ১২তম স্থানে উঠেছে।
মিলনার বলেন, “আজকের জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল, তাই এ নিয়ে কথা বন্ধ হলে ভালো লাগবে। রেকর্ড ছোঁয়া অবশ্যই বড় ব্যাপার, কিন্তু যারা আমাকে চেনে তারা জানে, সবকিছুই দলের জন্য। আমার পরিবার, বন্ধু, ফিজিও এবং যারা এত বছর আমাকে সাহায্য করেছেন, তাদের অবদান না থাকলে এটা সম্ভব হতো না।”
ব্রাইটনের কোচ ফাবিয়ান হুরজেলার তাকে মিডফিল্ডে নামান। বিশেষ এই দিনে মিলনারের বুটের পেছনে “৬৫৪” লেখা ছিল।
হুরজেলার বলেন, “এক বাক্যে তাকে ব্যাখ্যা করা কঠিন। তিনি মাঠে ও মাঠের বাইরে নেতা। প্রতিদিন তার শৃঙ্খলা ও পরিশ্রম অসাধারণ, আর তিনি কখনও সন্তুষ্ট নন।”
২০০২ সালে ১৬ বছর বয়সে লিডস ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগে অভিষেক হয় মিলনারের। এরপর তিনি নিউক্যাসল ইউনাইটেড, এ্যাস্টন ভিলা, ম্যানচেস্টার সিটি ও
লিভারপুলের হয়ে খেলেছেন। দুই দশকের বেশি সময় জুড়ে শিরোপা-সমৃদ্ধ ক্যারিয়ার গড়ে তুলেছেন।
৬০০-র বেশি ম্যাচ খেলা অন্য দুই খেলোয়াড় হলেন রায়ান গিগস (৬৩২) ও ফ্র্যাংক ল্যাম্পার্ড (৬০৯)।
ব্রাইটন যখন ২-০ ব্যবধানে এগিয়ে ছিল তখন ৮৯তম মিনিটে মিলনারকে তুলে নেওয়া হয়। ম্যাচ শেষে সাবেক লিভারপুল সতীর্থ জর্ডান হেন্ডারসন তাকে জড়িয়ে ধরেন এবং দুই দলের সমর্থকরাই আবার করতালি দেন।
গত জুনে ব্রাইটনের সঙ্গে এক বছরের চুক্তি বাড়ানো মিলনার এ মৌসুমে লিগে ১৬টি ম্যাচ খেলেছেন।
আর কতদিন খেলবেন, এই প্রশ্নে তিনি বলেন, “গত মৌসুমে চোটের কারণে ছয় মাস পা তুলতেই পারিনি। ফুটবলে সবকিছু দ্রুত বদলে যায়। আমি চেষ্টা চালিয়ে যাব, তারপর দেখা যাবে কী হয়।”