শিরোনাম

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ এক মাস বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান হিসেবে মেয়াদ শেষ হবার পর পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন লিপু। তারই পরিপ্রেক্ষিতে, লিপুর মেয়াদ এক মাস বর্ধিতকরণের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
এই সময়ের মধ্যে বোর্ড তার উত্তরসূরি খুঁজে বের করবে এবং প্যানেল পুনর্গঠনের জন্য কাজ করবে। গতকাল পরিচালনা পর্ষদের সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানিয়েছে বিসিবি।
নির্বাচকের শূন্য পদের জন্য সংবাদপত্রে বিজ্ঞাপনও দেবে বিসিবি।
গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন প্যানেলে ছিলেন আব্দুর রাজ্জাক এবং হান্নান সরকার। কোচিং ক্যারিয়ারে মনোযোগ দিতে গত বছরের ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন হান্নান ।
হান্নানের শূন্যস্থান পূরণের জন্য সেপ্টেম্বরে সাবেক পেসার হাসিবুল হোসেন শান্তকে নির্বাচক হিসেবে নিযুক্ত করা হয়। তবে বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চার বছরেরও বেশি সময় এই পদে থাকার পর, দায়িত্ব ছাড়েন রাজ্জাক।
পরবর্তীতে খুলনা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড পরিচালক নির্বাচিত হন রাজ্জাক।