বাসস
  ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২১

ভারতকে হারিয়ে সুপার এইট শুরু দক্ষিণ আফ্রিকার

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : ডেভিড মিলার ও বোলারদের দুর্দান্ত নৈপুন্যে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সুপার এইট পর্ব শুরু করল দক্ষিণ আফ্রিকা। 

গতরাতে সুপার এইটে গ্রুপ-১’এ নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৭৬ রানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে। রান বিবেচনায় বিশ্বকাপের মঞ্চে এটিই সবচেয়ে বড় হার ভারতের। 

টস জিতে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ভারতের দুই পেসার জসপ্রিত বুমরাহ ও আর্শদীপ সিংয়ের বোলিং তোপে ২০ রানে ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

কুইন্টন ডি কককে ৬ ও রায়ান রিকেলটনকে ৭ রানে বিদায় দেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। অধিনায়ক আইডেন মার্করামকে ৪ রানে শিকার করেন আর্শদীপ। 

চতুর্থ ওভারেই চাপে পড়া দক্ষিণ আফ্রিকাকে লড়াইয়ে ফেরান ডেওয়াল্ড ব্রেভিস ও ডেভিড মিলার। চতুর্থ উইকেটে ৫১ বলে ৯৭ রান যোগ করেন দক্ষিণ আফ্রিকার রান ১শ পার করেন তারা। ব্রেভিস ২৯ বলে ৪৫ রানে থামলেও, ২৬ বলে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন মিলার। ১৬তম ওভারে আউট হবার আগে ৭টি চার ও ৩টি ছক্কায় ৩৫ বলে ৬৩ রান করেন মিলার।

দলীয় ১৫২ রানে মিলার ফেরার পর দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহ এনে দেন ট্রিস্টান স্টাবস। ১ চার ও ৩ ছক্কায় স্টাবসের গড়া ২৪ বলে অপরাজিত ৪৪ রানের উপর ভর করে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৭ রান পায় দক্ষিণ আফ্রিকা। বুমরাহ ৩টি ও আর্শদীপ ২ উইকেট নেন। 

জবাবে দক্ষিণ আফ্রিকার দুই পেসার মার্কো জানসেন ও কর্বিন বশের বোলিং তোপে ৫১ রানে ৫ উইকেট হারিয়ে খাদের কিনারায় পড়ে যায় ভারত। অভিষেক শর্মা ১৫, ইশান কিশান শূন্য, তিলক ভার্মা ১, ওয়াশিংটন সুন্দর ১১ ও অধিনায়ক সূর্যকুমার যাদব ১৮ রানে সাজঘরের পথ ধরেন। এসময় জানসেন ও বশ ২টি করে উইকেট শিকার করেন।

দশম ওভারেই উপরের সারির পাঁচ ব্যাটারকে হারানো ভারত পরবর্তীতে আর লড়াইয়ে ফিরতে পারেনি। শিবম দুবের ৩৭ বলে ৪২ রানের সুবাদে কোন মতে ১শ পার করতে পারে তারা। ১৮.৫ ওভারে ১১১ রানে অলআউট হয় ভারত। 

জানসেন ৪টি, মহারাজ ৩টি ও বোশ ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হন মিলার।