বাসস
  ২২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৬

বিশ্বকাপ অনিশ্চয়তার মাঝে অবসরের ইঙ্গিত দিলেন নেইমার

ছবি : সংগৃহীত

ঢাকা, ২২ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : চলতি বছরের শেষেই পেশাদার ফুটবল থেকে অবসর নেবার ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের স্ট্রাইকার নেইমার। এতে এ বছরের বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড ২০২৫ সালের জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন। তিনি দলের রেলিগেশন এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শেষ পাঁচ ম্যাচে পাঁচটি গোল করে তিনি আবারও নিজের প্রতিভার ঝলক দেখান।

শুক্রবার ব্রাজিলিয়ান গণমাধ্যমে কথা বলতে গিয়ে নেইমার নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা স্বীকার করেন।

তিনি বলেন, “এখন থেকে কী হবে জানি না, আগামী বছর সম্পর্কেও কিছু জানি না। ডিসেম্বর এলে হয়তো অবসর নিতে ইচ্ছা হতে পারে। একেকটি বছর ধরে ভবিষ্যত চিন্তা করবো।”

সাম্প্রতিক মৌসুমগুলোতে চোটে ভোগা নেইমার সম্প্রতি সফলভাবে হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন। তিনি বলেন, সামনে থাকা বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি যোগ করেন, “এই বছরটা খুব গুরুত্বপূর্ণ। শুধু সান্তোসের জন্য নয়, ব্রাজিল জাতীয় দলের জন্যও, কারণ এটি বিশ্বকাপের বছর, আর আমার জন্যও।”

নেইমার ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। আন্তর্জাতিক অঙ্গনে তার গোল সংখ্যা ৭৯। তবে ২০২৩ সালের অক্টোবরের পর থেকে তিনি জাতীয় দলের হয়ে আর খেলেননি।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বারবার বলেছেন, বিশ্বকাপের দলে কেবল সম্পূর্ণ ফিট খেলোয়াড়দেরই বিবেচনা করা হবে।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নেইমারের ফিটনেস এখনও প্রশ্নের মুখে। ফলে ব্রাজিলের সামনে অনিশ্চয়তা, তাদের এই তারকা খেলোয়াড় কি শেষবারের মতো বিশ্বমঞ্চে খেলবেন, নাকি টুর্নামেন্টের আগেই ফুটবলকে বিদায় জানাবেন?