বাসস
  ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৬

ইন্ডিয়ান ওয়েলসের ওয়াইল্ড কার্ড পেলেন ভেনাস

ছবি : সংগৃহীত

ঢাকা, ২১ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : সাতবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী ভেনাস উইলিয়ামস (৪৫) মার্চে অনুষ্ঠিতব্য মর্যাদাপূর্ণ ইনিয়াস ওয়েলস মাস্টার্স টুর্নামেন্টে খেলতে ওয়াইল্ড কার্ড গ্রহণ করেছেন বলে আয়োজক সূত্র নিশ্চিত করেছে।

এটিপি ও ডব্লিউটিএ যৌথ এই ইভেন্টের টুর্নামেন্ট ডিরেক্টর টমি হাস বলেন, ২০২৬ সালের প্রথম ওয়াইল্ড কার্ড আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের এই টেনিস আইকনকে দিতে পারা তাদের জন্য “সম্মানের” বিষয়। ভেনাস উইলিয়ামস একক ও দ্বৈত- দু’টি বিভাগেই খেলার সুযোগ পেয়েছেন এবং ২০২৪ সালের পর প্রথমবারের মতো ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে এই টুর্নামেন্টে অংশ নেবেন।

ভেনাস এক বিবৃতিতে বলেন, “ইন্ডিয়ান ওয়েলসে আবার ফিরে যেতে পেরে আমি ভীষণ উচ্ছ্বসিত এবং ক্যালিফোর্নিয়ায় বাড়ির কোর্টে খেলতে নামার জন্য মুখিয়ে আছি। আমাকে আবার আমন্ত্রণ জানানো এবং একক ও দ্বৈত- দু’টিতেই প্রতিযোগিতার সুযোগ দেওয়ার জন্য আয়োজকদের প্রতি আমি কৃতজ্ঞ।”

জানুয়ারিতে ভেনাস সবচেয়ে বেশী বয়সী খেলোয়াড় হিসেবে ওয়াইল্ড কার্ড নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন। যদিও প্রথম রাউন্ডে ২৪ বছর বয়সী সার্বিয়ান ওলগা ডানিলোভিচের বিপক্ষে তিন সেটের লড়াইয়ে হেরে যান তিনি।

সাম্প্রতিক বছরগুলোতে ভেনাস উইলিয়ামস খুব বেশি ম্যাচ খেলেননি। গত জুলাইয়ে ডিসি ওপেনের মাধ্যমে ১৬ মাসের বিরতির পর তিনি প্রতিযোগিতামূলক টেনিসে ফিরে আসেন।