শিরোনাম

ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : টটেনহ্যামকে রেলিগেশন থেকে রক্ষা করতে শতভাগ নিশ্চয়তা দিয়েছেন ক্লাবটির অন্তর্বর্তীকালীন ম্যানেজার ইগর টুডর। রোববার আর্সেনালের বিপক্ষে উত্তর লন্ডন ডার্বিতে নিজের প্রথম ম্যাচের আগে এই আত্মবিশ্বাসের কথা জানান তিনি।
প্রিমিয়ার লিগের রেলিগেশন জোনের ঠিক পাঁচ পয়েন্ট ওপরে অবস্থান করছে টুডর শিষ্যরা, যা ক্লাবটির দ্বিতীয় টায়ারে নেমে যাওয়ার আশঙ্কা জাগিয়েছে।
ক্রোয়েশিয়ান কোচ টুডরকে গত সপ্তাহে বরখাস্তকৃত থমাস ফ্র্যাঙ্কের স্থলাভিষিক্ত করা হয়েছে। শেষ ১৭টি লিগ ম্যাচে মাত্র দুইটি জয়ের হতাশাজনক ধারার পর টটেনহ্যাম যে অস্থির অবস্থার মধ্যে আছে, তা তিনি ভালোভাবেই জানেন।
২০২৫ সালের শেষ দিক থেকে টানা আটটি লিগ ম্যাচে জয়হীন রয়েছে টটেনহ্যাম। তবে ১৯৭৭-৭৮ মৌসুমের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়নশিপে নামা এড়াতে লড়াইয়ে জেতা সম্ভব বলে টুডর দৃঢ় প্রতিজ্ঞ।
আগামী মৌসুমে টটেনহ্যাম প্রিমিয়ার লিগে থাকবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে টুডর বলেন, “একশো শতাংশ। আমি এখানে আনন্দ করতে আসিনি। আমি কাজ করতে এসেছি। এটাই প্রথম মুহূর্ত, আরও কাজ বাকি আছে। এখানে থাকা আমার জন্য সম্মানের।”
সাবেক জুভেন্টাস ও ল্যাজিও কোচ টুডরের জন্য প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনালের বিপক্ষে অভিষেকটা কঠিনই হতে যাচ্ছে।
তার উপর ৪৭ বছর বয়সী টুডর ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে ১১ জন খেলোয়াড়কে দলে পাচ্ছেন না।
তিনি বলেন, “আপনারা জানেন, বড় ধরনের চোটের কারণে এমন পরিস্থিতি খুবই বিরল। আমরা ১৩ জন খেলোয়াড় নিয়ে অনুশীলন করেছি। এটা আদর্শ নয়, কিন্তু এই অবস্থায় সফল হওয়াটা আরও বড় চ্যালেঞ্জ। রোববারের জন্য ১৩ জন নিশ্চিত থাকবে, আর আমাদের লক্ষ্য পূরণে সেটাই যথেষ্ট।”
ফ্র্যাঙ্ক মাত্র আট মাস দায়িত্বে থাকার পরই বরখাস্ত হন। সাদামাটা কৌশল ও প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স বের করে আনতে ব্যর্থ হওয়ার মাশুল দিতে হয় ড্যানিশ কোচকে।
আর্সেনালের বিপক্ষে ডার্বি জয়ের গুরুত্ব টুডর জানেন। তবে টিকে থাকার লড়াইয়ে শক্ত দলীয় মনোভাব গড়ে তোলাই তার বড় চিন্তা।
তিনি বলেন, “এই ম্যাচের গুরুত্ব আমি বুঝি। এটা একটি ডার্বি, নর্থ লন্ডন ডার্বি। এটা এমন একটি দল, যাদের গুণগত মান অনেক, প্রতিভাবান খেলোয়াড়ে ভরা। কিন্তু প্রথম দিকের এই অনুশীলনগুলোতে আমার লক্ষ্য হলো, যুদ্ধের জন্য সঠিক মানসিকতা নিয়ে আমরা যেন একটি দল হয়ে উঠি। এমন একটি দল, যারা কষ্ট স্বীকার করতে চায়। লড়তে, দৌড়াতে, সঠিক মানসিকতা রাখতে চায়। এটাই শুরু।”