বাসস
  ২০ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২১

দ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশের মুস্তাফিজ

ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের ষষ্ঠ আসরের নিলামে নিবন্ধন করেছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের। 

সব মিলিয়ে প্রায় ১ হাজার ক্রিকেটার নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন। নিলামের জন্য নিবন্ধন করা ক্রিকেটারদের তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে দ্য হান্ড্রেড টুর্নামেন্ট কর্তৃপক্ষ। তালিকার ২১তম স্থানে নাম রয়েছে মুস্তাফিজের। তারকা এ পেসারের ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ড। 

গেল মাসে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের সাথে মুস্তাফিজের চুক্তি বাতিল হয়। ৯ কোটি ২০ লাখ রুপিতে ফিজকে দলে নিয়েছিল কলকাতা। 

চলতি মাসে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরে সরাসরি চুক্তিতে দল পান মুস্তাফিজ। ৬ কোটি ৪৪ লাখ রুপিতে ফিজকে দলে নেয় লাহোর কালান্দার্স। 

আগামী ১১ ও ১২ মার্চ প্রথমবারের মত দ্য হান্ড্রেডের নিলাম অনুষ্ঠিত হবে। আগে প্লেয়ার ড্রাফটের মাধ্যমে খেলোয়াড়দের দলে নেওয়া হত। 

২১ জুলাই শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ১৬ আগস্ট পর্যন্ত।