বাসস
  ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৩

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ছবি : সংগৃহীত

ঢাকা, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ওপেনার ইব্রাহিম জাদরানের হাফ-সেঞ্চুরি ও স্পিনার মোহাম্মদ নবির বোলিং নৈপুণ্যে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ দশম আসরের মিশন শেষ করেছে আফগানিস্তান ক্রিকেট দল।

গতরাতে ‘ডি’ গ্রুপের নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে আফগানিস্তান ৮২ রানে হারিয়েছে কানাডাকে। ৪ ম্যাচ খেলে ২টি করে জয়-হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব থেকেই বিশ্বকাপ শেষ করেছে আফগানরা। সমান সংখ্যক ম্যাচ খেলে এবারের বিশ্বকাপে একটিও জয় পায়নি কানাডা।

চেন্নাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৩ বলে ৪৭ রান তোলে আফগানিস্তান। জুটিতে ৫টি চারে ৩০ রান অবদান রেখে সাজঘরে ফেরেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ।

তিন নম্বরে নেমে গুলবাদিন নাইব ১ রানে থামলে, তৃতীয় উইকেটে ৬০ বলে ৯৫ রান যোগ করে আফগানিস্তানকে বড় সংগ্রহের ভিত গড়েন ইব্রাহিম ও সেদিকুল্লাহ আতাল।

২টি করে চার-ছক্কায় আতাল ৩২ বলে ৪৪ রানে থামলেও ইনিংসের শেষ পর্যন্ত খেলেন ইব্রাহিম। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৯৫ রানে অপরাজিত থাকেন তিনি। ৫৬ বল খেলে ৭টি চার ও ৫টি ছক্কা মারেন ইব্রাহিম। এতে ২০ ওভারে ৪ উইকেটে ২০০ রানের সংগ্রহ পায় আফগানরা। বিশ্বকাপে এটিই আফগানিস্তানের সর্বোচ্চ দলীয় রান। এর আগে ২০২১ সালের আসরে স্কটল্যান্ডের বিপক্ষে ১৯০ রান করেছিল তারা।

কানাডার পেসার জাসকারান সিং ৩ উইকেট নেন।

জবাবে আফগানিস্তানের দুই স্পিনার নবি ও অধিনায়ক রশিদ খানের বোলিং তোপে ২০ ওভারে ৮ উইকেটে ১১৮ রানের বেশি করতে পারেনি কানাডা। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন হার্শ থাকের।

আফগানিস্তানের নবি ৭ রানে ৪টি ও রশিদ ১৯ রানে ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হন ইব্রাহিম।