বাসস
  ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৭
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫০

আন্ত:বিশ্ববিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতায় নারী এককে ঢাবি চ্যাম্পিয়ন

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : আন্ত:বিশ্ববিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতায় নারী এককে ঢাকা বিশ্ববিদ্যালয় পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সাদিয়া রহমান মৌ চ্যাম্পিয়ন এবং ইতিহাস বিভাগের সামান্তা হোসেন তুশী তৃতীয় স্থান অর্জন করেছে। 

ছাত্রদের দলগত ইভেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেছে। ছাত্রদের দলগত ইভেন্টের খেলোয়াড়রা হলেন-ভূগোল ও পরিবেশ বিভাগের মুহতাসিন আহমেদ হৃদয়, চারুকলা অনুষদের সামসন বম, তনয়া মুরং এবং সুব্রত চাকমা। 

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মোট ৩০ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় টেবিল টেনিস দলকে সংবর্ধনা প্রদান করা হয়। উপাচার্যের সভাকক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া, টেবিল টেনিস কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, টেবিল টেনিস ইনচার্জ শারীরিক শিক্ষা কেন্দ্রের উপ-পরিচালক ড. সালমা আরজু ও ডাকসু’র ক্রীড়া সম্পাদক আরমান হোসেন এসময় উপস্থিত ছিলেন।