বাসস
  ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩১

বিশ্বকাপ শেষ পাথিরানার

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : পায়ের পেশিতে টান ধরায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শ্রীলংকার পেসার মাথিশা পাথিরানা।

গত সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে পায়ে চোট পান পাথিরানা। নিজের প্রথম ওভারের চতুর্থ ডেলিভারির পর বাঁ-পায়ে চোট পান তিনি। মাঠে প্রাথমিক চিকিৎসা নিয়ে মাঠ ছাড়েন এই ক্রিকেটার।

একটি বিবৃতিতে পাথিরানার ছিটকে যাওয়ার কথা আনুষ্ঠানিক ভাবে জানায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিবৃতিতে আইসিসি জানায়, স্ক্যানে পাথিরানার পায়ের পেশিতে চিড় ধরা পড়েছে। ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগবে।

পাথিরানার জায়গায় দলে সুযোগ পেয়েছেন দিলশান মাদুশঙ্কা। আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি পাথিরানার জায়গায় মাদুশঙ্কাকে দলে নেওয়ার অনুমোদন দিয়েছে।

২০২২ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের পর শ্রীলংকার হয়ে ১৬ ম্যাচ খেলেছেন ২৫ বছর বয়সী মাদুশঙ্কা। ৪৭৮ রানে ১৫ উইকেট শিকার করেছেন তিনি। ২০২৪ সালের জুলাইয়ে দেশের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন এই পেসার।

এছাড়াও শ্রীলংকার হয়ে ১টি টেস্ট ও ২৮টি ওয়ানডে খেলেছেন মাদুশঙ্কা। টেস্টে এখনও উইকেট শিকার করতে না পারলেও ওয়ানডেতে ৫০ উইকেট নিয়েছেন তিনি।