বাসস
  ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৮

ফারহানের সেঞ্চুরিতে নামিবিয়াকে উড়িয়ে সুপার এইটে পাকিস্তান

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : সাহিবজাদা ফারহানের দুর্দান্ত অপরাজিত সেঞ্চুরিতে ভর করে নামিবিয়াকে ১০২ রানে হারিয়ে টি২০ বিশ্বকাপের সুপার এইটের শেষ টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান।

ফারহান ৫৮ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন, যেখানে ছিল চারটি ছক্কা ও ১০টি চার। তার ইনিংসে ভর করে পাকিস্তান ৩ উইকেটে ১৯৯ রান তোলে। জবাবে নামিবিয়া ১৭.৩ ওভারে মাত্র ৯৭ রানে গুটিয়ে যায়।

এই জয়ে গ্রুপ ‘এ’-তে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পাকিস্তান সুপার এইটে উঠেছে। চার পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছে যুক্তরাষ্ট্র।

সুপার এইটের গ্রুপ-১’এ ভারতে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে শ্রীলংকায় গ্রুপ-২’এ পাকিস্তানের সঙ্গে থাকবে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও সহ-আয়োজক শ্রীলঙ্কা।

ভারতের বিপক্ষে ৬১ রানে হতাশাজনক হারের পর পাকিস্তানের সামনে আজকের ম্যাচে জয় ছাড়া উপায় ছিল না। স্পিনার উসমান তারিক (৪-১৬) ও শাদাব খান (৩-১৯) নামিবিয়ার ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়ে কাজটি সহজ করে দেন।

নামিবিয়ার হয়ে লরেন স্টিনক্যাম্প ২৩ রান করেন। এছাড়া আলেকজান্ডার বুসিং-ভলশেঙ্ক ২০ রান করেন।

ম্যাচ শেষে পাক অধিনায়ক সালমান আগা বলেন, “এটা ছিল সম্পূর্ণ পারফরম্যান্স। আমরা ভালো ব্যাট করেছি, ফারহান ইনিংসটা ধরে রেখেছে। সে কিছুদিন ধরেই ভালো খেলছিল, আজ সেঞ্চুরি পেয়ে আমি খুব খুশি। বল হাতেও আমরা ছিলাম বিধ্বংসী।”

নামিবিয়া অধিনায়ক গেরহার্ড এরাসমুস স্বীকার করেন, পাকিস্তানের স্পিন সামলানো কঠিন ছিল।

তিনি বলেন, “দুই দিকেই বল ঘোরানোর দক্ষতা বিশেষ কিছু। আমরা এই জায়গায় উন্নতির চেষ্টা করব।”

ইনিংসের শেষ ওভারে এরাসমুসের বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন ফারহান। এটি তার প্রথম টি২০ সেঞ্চুরি। ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে আহমেদ শেহজাদের পর টি২০ বিশ্বকাপে সেঞ্চুরি করা দ্বিতীয় পাকিস্তানি তিনি।

বাবর আজমকে বাদ দিয়ে পাঁচ নম্বরে খেলতে নামা শাদাব খান ২২ বলে তিন ছক্কা ও এক চারে অপরাজিত ৩৬ রান করেন। শেষ তিন ওভারে পাকিস্তান তোলে ৪২ রান।

ফারহান উদ্বোধনী জুটিতে সাইম আইয়ুবের (১৪) সঙ্গে ৪০ রান যোগ করেন। এরপর অধিনায়ক সালমান আগার (৩৮) সঙ্গে দ্বিতীয় উইকেটে ৬৭ রানের জুটি গড়ে ইনিংস মজবুত করেন।

প্রথম তিন ম্যাচে হতাশাজনক পারফরম্যান্সের পর বিশেষ করে ভারতের বিপক্ষে দুই ওভারে ৩১ রান দেওয়ার কারণে পেসার শাহিন শাহ আফ্রিদিকেও এ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়।

ফারহানের এই সেঞ্চুরির ফলে এবারের টি২০ বিশ্বকাপে মোট তিনটি সেঞ্চুরি হলো। এর আগে শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং কানাডার যুবরাজ সামা নিউজিল্যান্ডের বিপক্ষে শতরান করেন।