বাসস
  ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৪

নিশাঙ্কার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে বিদায়ের দ্বারপ্রান্তে রেখে সুপার এইটে শ্রীলংকা

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : ওপেনার পাথুম নিশাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সুপার এইট নিশ্চিত করেছে শ্রীলংকা। 

গতরাতে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলংকা ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। ৩ ম্যাচে ৩ জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সুপার এইট নিশ্চিত করেছে শ্রীলংকা। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে জিম্বাবুয়ে। নিজেদের শেষ দুই ম্যাচের মধ্যে ১টিতে জিতলেই সুপার এইটে উঠবে জিম্বাবুয়ে। সেক্ষেত্রে গ্রুপ পর্ব থেকে বিদায় নিবে অস্ট্রেলিয়া।

পাল্লেকেলেতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫১ বলে ১০৪ রানের জুটি গড়েন অস্ট্রেলিয়ার দুই ওপেনার মিচেল মার্শ ও ট্রাভিস হেড। হাফ-সেঞ্চুরি তুলে দলীয় ১১৬ রানের মধ্যে বিদায় নেন দু’জনই। ৮টি চার ও ২টি ছক্কায় অধিনায়ক মার্শ ২৭ বলে ৫৪ এবং হেড ৭টি চার ও ৩টি ছক্কায় ২৯ বলে ৫৬ রান করেন। 

দুই ওপেনারের দুর্দান্ত সূচনা ধরে রাখতে পারেনি অস্ট্রেলিয়ার পরের দিকে ব্যাটাররা। এতে পুরো ২০ ওভার খেলে ১৮১ রানে অলআউট হয় অসিরা। মিডল অর্ডারে জশ ইংলিশ ২৭ ও গ্লেন ম্যাক্সওয়েল ২২ রান করেন। 

শ্রীলংকার দুসান হেমান্তা ৩ উইকেট নেন। 

জবাবে দলীয় ৮ রানে প্রথম উইকেট হারায় শ্রীলংকা। ১ রানে বিদায় নেন কুশল পেরেরা। এরপর অস্ট্রেলিয়ার বোলারদের উপর আধিপত্য বিস্তার করে ৬৬ বলে ৯৭ রানের জুটি গড়ে লংকানদের লড়াইয়ে রাখেন নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। জুটিতে ৬টি চার ও ১টি ছক্কায় ৩৮ বলে ৫১ রান তুলে বিদায় নেন কুশল। 

দলীয় ১০৫ রানে কুশল আউট হবার পর ক্রিজে নিশাঙ্কার সঙ্গী হন পাভান রত্নানায়েকে। তৃতীয় উইকেটে ৩৪ বলে ৭৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে শ্রীলংকার জয় নিশ্চিত করেন তারা।

দলের জয় থেকে ৩ রান দূরে থাকতে ৮৭ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান নিশাঙ্কা। ১০টি চার ও ৫টি ছক্কায় ৫২ বলে অপরাজিত ১০০ রান করেন নিশাঙ্কা। তার সঙ্গী রত্নানায়েকে ১৫ বলে ৬টি চারে অনবদ্য ২৮ রান করেন। ম্যাচ সেরা হন নিশাঙ্কা।