বাসস
  ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৬

আশা বাঁচিয়ে রাখল আফগানিস্তান, রশিদের মাইলফলক স্পর্শ

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : অধিনায়ক রশিদ খানের মাইলফলকের ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সুপার এইটে খেলার আশা বাঁচিয়ে রাখল আফগানিস্তান ক্রিকেট দল। 

আজ ‘ডি’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে আফগানিস্তান ৫ উইকেটে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। 

আফগানিস্তানের জয়ে সুপার এইট নিশ্চিত হল গতবারের রানার্স-আপ দক্ষিণ আফ্রিকার। 

৩ ম্যাচে ১ জয় ও ২ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠল আফগানিস্তান। তাদের সাথে সুপার এইটে খেলার দৌড়ে আছে নিউজিল্যান্ড ও আরব আমিরাত। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে কিউইরা। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আরব আমিরাত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ড হারলে এবং আফগানিস্তান ও আরব আমিরাত জিতলে, রান রেটের হিসাব-নিকাশে বসবে তিন দল। তবে কানাডার বিপক্ষে নিউজিল্যান্ড জয় পেলে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হবে আফগানিস্তান ও আরব আমিরাতের। 

দিল্লিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৩ রানে দুই ওপেনারকে হারায় আরব আমিরাত। তৃতীয় উইকেটে ৫৭ বলে ৮৪ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন আলিশান শারাফু ও শোয়েব খান। 

৩টি চার ও ২টি ছক্কায় ৩১ বলে ৪০ রানে আউট হন শারাফু। টি-টোয়েন্টিতে দ্বিতীয় হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন শোয়েব। ৬টি চার ও ৪টি ছক্কায় ৪৮ বলে ৬৮ রান করেন তিনি। পরের দিকে সৈয়দ হায়দার এবং হায়দার আলি ১৩ রান করে করেন। ২০ ওভারে ৯ উইকেটে ১৬০ রানের সংগ্রহ পায় আরব আমিরাত। 

আফগানিস্তানের পেসার আজমতুল্লাহ ওমারজাই ১৫ রানে ৪ উইকেট নেন। ২৪ রানে ১ উইকেট নিয়ে বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টিতে ৫১৮তম ম্যাচে ৭শ উইকেটের মাইলফলক স্পর্শ করেন রশিদ।

১৬১ রান তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারালেও ওপেনার ইব্রাহিম জাদরানের হাফ-সেঞ্চুরিতে রানের চাকা সচল থাকে আফগানিস্তানের। ১৩ ওভারে ৩ উইকেটে ৯৭ রান তুলে আফগানরা। 

টি-টোয়েন্টিতে ১৫তম হাফ-সেঞ্চুরি তুলে ১৪তম ওভারের প্রথম বলে আউট হন ইব্রাহিম। ৬ চার ও ১ ছক্কায় ৪১ বলে ৫৩ রান করেন তিনি। 

দলীয় ৯৭ রানে ইব্রাহিম ফেরার পর দারউইশ রাসুলির ৩৩ ও ওমারজাইর ২১ বলে ৪০ রানের ঝড়ো ইনিংসে ৪ বল বাকী থাকতে জয় পায় আফগানিস্তান। অলরাউন্ড নৈপুন্যে ম্যাচ সেরা হন ওমারজাই।