বাসস
  ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২০

নামিবিয়াকে হারিয়ে সুপার এইটের আশা বাঁচিয়ে রাখল যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ‘এ’ গ্রুপে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে নামিবিয়াকে ৩১ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলার আশা বাঁচিয়ে রাখল যুক্তরাষ্ট্র।

৪ ম্যাচে ২টি করে জয় ও হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র। গ্রুপে অন্য ম্যাচগুলোর ফলাফলের উপর নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সুপার এইটে খেলা। ৩ ম্যাচের সবগুলোতে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল নামিবিয়া।

চেন্নাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল ও সঞ্জয় কৃষ্ণমূর্তির জোড়া হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ১৯৯ রানের বড় সংগ্রহ পায় যুক্তরাষ্ট্র। নিজেদের বিশ্বকাপ ইতিহাসে ও নামিবিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ তাদের।

৩টি করে চার-ছক্কায় ৩০ বলে ৫২ রান করেন প্যাটেল। চার নম্বরে নেমে ২০৬ স্ট্রাইক রেটে ৩৩ বলে ৬৮ রানের অনবদ্য ইনিংস খেলেন কৃষ্ণমূর্তি। তার ইনিংসে ৪টি চার ও ৬টি ছক্কা ছিল।

নামিবিয়ার উইলেম মাইবার্গ ও জেরার্ড এরাসমুস ২টি করে উইকেট নেন।

২০০ রানের লক্ষ্যে খেলতে নেমে টপ অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় ১২ ওভারে ২ উইকেটে ১০৯ রান তুলে দারুণ জবাব দিচ্ছিল নামিবিয়া।

কিন্তু মিডল অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায় ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রানের বেশি তুলতে পারেনি নামিবিয়া। দলের হয়ে ওপেনার লোরেন স্টিনক্যাম্প ৩৯ বলে সর্বোচ্চ ৫৮ রান করেন। যুক্তরাষ্ট্রের শ্যাডলি ভ্যান শাকউইক ২ উইকেট শিকার করেন।

ব্যাট হাতে দলের জয়ে অবদান রেখে ম্যাচ সেরা হন যুক্তরাষ্ট্রের কৃষ্ণমূর্তি।