বাসস
  ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০২

১০ জনের ভিলাকে বিদায় নিউক্যাসলের, বেকহ্যামের সালফোর্ডকে হারাল ম্যান সিটি

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : সান্দ্রো টোনালির জোড়া গোলে ১০ জনের অ্যাস্টন ভিলাকে ৩-১ ব্যবধানে হারিয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠেছে নিউক্যাসল ইউনাইটেড। অন্যদিকে মার্ক গুয়েহির প্রথম গোলে ম্যানচেস্টার সিটি ২-০ ব্যবধানে চতুর্থ টায়ারের সালফোর্ড সিটিকে পরাজিত করেছে।

১৯৫০’র দশকের পর থেকে ভিলা ও নিউক্যাসল কেউই এই প্রতিযোগিতা জিততে পারেনি। এই পরাজয়ে উনাই এমেরির দলের ৩০ বছরের শিরোপাখরা কাটানোর আরেকটি সুযোগ নষ্ট হয়ে গেছে।  প্রথমার্ধে গোলরক্ষক মার্কো বিজট লাল কার্ড পেলে ১০ জনের দলে পরিনত হয়েছিল ভিলা।

টামি আব্রাহাম গত মাসে ভিলায় ফেরার পর নিজের প্রথম গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। বিজট লাইন ছেড়ে বেরিয়ে এসে জ্যাকব মারফিকে ফাউল করেন। এসময় নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করায় সরাসরি লাল কার্ড দেখেন। তখনই ম্যাচের মোড় ঘুরে যায়। লুকাস ডিগনের স্পষ্ট হ্যান্ডবল বক্সের ভেতরে হলেও পেনাল্টির বদলে ফ্রি-কিক দেওয়ায় বিতর্ক তৈরি হয়। এ পর্যায়ে ভিএআর না থাকায় সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ ছিল না।

তবে সেই ফ্রি-কিক থেকেই সমতা ফেরায় নিউক্যাসল। টোনালির শট এমি মার্টিনেজকে পরাস্ত করে জালে জড়ায়।

মৌসুম শেষে আর্সেনালে যাওয়ার গুঞ্জনে থাকা ইতালিয়ান মিডফিল্ডার টোনালি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে দ্বিতীয় গোল করে ম্যাচ ঘুরিয়ে দেন।

ম্যাচ শেষের দুই মিনিট আগে নিক ভল্টেমাডে ১৫ ম্যাচ পর নিজের প্রথম গোল করে নিউক্যাসলকে শেষ ১৬’তে তুলে নেন। নিউক্যাসল সর্বশেষ ১৯৫৫ সালে এফএ কাপ জিতেছিল।

এদিক ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ডেভিড বেকহ্যাম ও গ্যারি নেভিলের মালিকানাধীন সালফোর্ড সিটি ইতিহাসে প্রথমবার চতুর্থ রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছিল। গত মৌসুমে তৃতীয় রাউন্ডে সিটির কাছে ৮-০ ব্যবধানে হেরেছিল তারা, তবে এবার পেপ গার্দিওলার দলকে অনেক বেশি চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়।

গার্দিওলা বলেন, “তারা দারুণভাবে রক্ষণ সামলেছে। আমরা যথাযথভাবে স্পেস ব্যবহার করতে পারিনি। দ্বিতীয় গোল না হওয়া পর্যন্ত ম্যাচটি স্থবির ছিল।”

আলফি ডরিংটনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় সিটি। ম্যাচ শেষের নয় মিনিট আগে জানুয়ারিতে ক্রিস্টাল প্যালেস থেকে যোগ দেওয়া ইংলিশ ডিফেন্ডার মার্ক গুয়েহি নিজের প্রথম গোল করে জয় নিশ্চিত করেন।

তৃতীয় টায়ারের ম্যানসফিল্ড প্রিমিয়ার লিগের বার্নলিকে ২-১ গোলে হারিয়ে দিনের বড় অঘটন ঘটায়। এই জয়ে ১৯৭৫ সালের পর প্রথমবারের মতো তারা পঞ্চম রাউন্ডে উঠেছে।

মধ্যসপ্তাহে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে লিগে অক্টোবরের পর প্রথম জয় পাওয়া বার্নলি কোচ স্কট পার্কার নয়টি পরিবর্তন আনেন, যা দলকে এগিয়ে যেতে বাঁধা দেয়। জশ লরেন্টের গোলে বার্নলি এগিয়ে গেলেও, লিগ ওয়ানে মধ্যম অবস্থানে থাকা নাইজেল ক্লাফের দল দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায়।

৫৩ মিনিটে রিস ওটস সমতা ফেরান এবং শেষের ১০ মিনিট আগে লুইস রিডের দুর্দান্ত ফ্রি-কিকে জয় নিশ্চিত হয় ম্যানফিল্ডের।

অন্য ম্যাচে ১০ জনের ওয়েস্ট হ্যাম অতিরিক্ত সময়ে ক্রিসেনসিও সামারভিলের গোলে লিগ ওয়ানের বার্টনকে ১-০ ব্যবধানে হারায়। গোলের পরপরই ফ্রেডি পটস লাল কার্ড দেখলেও প্রিমিয়ার লিগে ধুকতে থাকা দলটি জয় ধরে রাখে। তৃতীয় রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় করা ব্রাইটন এবার অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে আরেকটি অঘটন ঘটানোর লক্ষ্যে মাঠে নামবে।