বাসস
  ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৫

শ্রীলংকার সুপার এইট নিশ্চিতের ম্যাচে আশা বাঁচিয়ে রাখার চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : প্রথম দুই ম্যাচ জিতে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে শ্রীলংকা। আগামীকাল নিজেদের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলেই সুপার এইট নিশ্চিত হবে লংকানদের। এদিকে এ ম্যাচ হেরে গেলে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার দ্বারপ্রান্তে পৌঁছে যাবে অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে আয়ারল্যান্ড বা শ্রীলংকার বিপক্ষে যেকোন একটি ম্যাচে জিম্বাবুয়ে জিতলেই বিদায় নিবে অসিরা।

২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে জিম্বাবুয়ে। সমানসংখ্যক ম্যাচে ১টি করে জয় ও হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। শ্রীলংকার কাছে হারলে জিম্বাবুয়ের শেষ দুই ম্যাচে হার এবং ওমানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিততেই হবে অস্ট্রেলিয়াকে। শ্রীলংকার বিপক্ষে জয় পেলে সুপার এইটের লড়াইয়ে ভালভাবে টিকে থাকবে অসিরা।

ঘরের মাঠ পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে শ্রীলংকা।

আয়ারল্যান্ডের বিপক্ষে ৬৭ রানের জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে অস্ট্রেলিয়া। তবে পরের ম্যাচে বড়সড় ধাক্কা খায় অসিরা। জিম্বাবুয়ের কাছে ২৩ রানে হেরে যায় ট্রাভিস হেড-গ্লেন ম্যাক্সওয়েলরা।

শ্রীলংকার কলম্বোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে ব্যাট করে ওপেনার ব্রায়ান বেনেটের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ২ উইকেটে ১৬৯ রান করে জিম্বাবুয়ে। ৫৬ বলে ৬৪ রান করেন বেনেট। জবাবে ব্যাটারদের ব্যর্থতায় ১৯.৩ ওভারে ১৪৬ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। মিডল অর্ডারে ম্যাট রেনশর ৪৪ বলে ৬৫ রানেও হার এড়াতে পারেনি অসিরা।

জিম্বাবুয়ের কাছ হেরে যাওয়ায় অস্ট্রেলিয়ার সুপার এইটে খেলার পথ কঠিন হয়ে পড়েছে। আশা বাঁচিয়ে রাখতে হলে শ্রীলংকার বিপক্ষে জয়ের বিকল্প নেই অসিদের। কঠিন চ্যালেঞ্জের ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না দল, এমনটাই জানালেন অসি পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। তিনি বলেন, ‘আমরা এখন কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে। আমাদের সামনে জয়ের কোন বিকল্প নেই। হেরে গেলেও আশা থাকবে, তবে সেটি অন্য দলের পারফরমেন্সের উপর নির্ভও করবে। কিন্তু শ্রীলংকার বিপক্ষে ভাল পারফরমেন্স করার বিষয়টি আমাদের উপর নির্ভর করছে। তাই আমি মনে করি এ ম্যাচে সবাই একসাথে জ্বলে উঠবে এবং জয় নিয়ে মাঠ ছাড়তে পারব আমরা।’

বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে- আয়ারল্যান্ডের বিপক্ষে ২০ রানে এবং ওমানের বিপক্ষে ১০৫ রানের বড় ব্যবধানে জিতে শ্রীলংকা। হ্যাটট্টিক জয়ের স্বাদ পেলেই সুপার এইট নিশ্চিত হবে লংকানদের।

অস্ট্রেলিয়াকে হারিয়ে হ্যাটট্রিক জয় দিয়ে সুপার এইট নিশ্চিত করতে চায় শ্রীলংকা। দলের ওপেনার পাথুম নিশাঙ্কা বলেন, ‘প্রথম দুই ম্যাচেই আমরা ভাল করেছি। পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে, অস্ট্রেলিয়ার বিপক্ষেও জিততে চাই আমরা। আরও একটি জয় পেলেই সুপার এইট নিশ্চিত হবে। টানা তৃতীয় জয়ের জন্যই কাল মাঠে নামব আমরা।’

শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টিতে রেকর্ড ভাল অস্ট্রেলিয়ার। ২৬বার মুখোমুখি হয়ে লংকানদের বিপক্ষে ১৫ ম্যাচে জিতেছে অসিরা। শ্রীলংকার জয় ১০টিতে। ১টি ম্যাচ টাই হয়। টাই হওয়া ম্যাচ সুপার ওভারে হারে লংকানরা।

শ্রীলংকা দল : দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, পাভান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকশানা, দুশমান্থা চামিরা, মাথিশা পাথিরানা, ইশান মালিঙ্গা।

অস্ট্রেলিয়া দল : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ের বার্টলেট, কুপার কনোলি, বেন ডোয়ার্শিস, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, ন্যাথান এলিস, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।