শিরোনাম

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : পেসার মার্কো জানসেনের বোলিং এবং ওপেনার আইডেন মার্করামের ব্যাটিং নৈপুন্যে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সুপার এইটের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে গতবারের রানার্স-আপ দক্ষিণ আফ্রিকা। আগামীকাল আফগানিস্তানের কাছে সংযুক্ত আরব আমিরাত হেরে গেলে বা পয়েন্ট ভাগাভাগি করলে সুপার এইটের টিকিট পাবে প্রোটিয়ারা।
‘ডি’ গ্রুপে ৩ ম্যাচ খেলে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা। সমানসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। তৃতীয় স্থানে থাকা আরব আমিরাতের সংগ্রহ ২ ম্যাচে ২ পয়েন্ট। কাল আফগানিস্তানের কাছে হারলে, নিজেদের শেষ ম্যাচ জিতলেও দক্ষিণ আফ্রিকার পয়েন্ট স্পর্শ করতে পারবে না আরব আমিরাত।
গতরাতে আহমেদাবাদে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ বলে ৩৩ রানের সূচনা করে নিউজিল্যান্ডের দুই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। ৯ বলে ব্যক্তিগত ১৩ রানে সেইফার্ট ফেরার পর দ্বিতীয় উইকেটে রাচিন রবীন্দ্রকে নিয়ে ১২ বল ২৪ রান যোগ করেন অ্যালেন।
এরপর জানসেনের তোপে ৫৭ থেকে ৬৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। চতুর্থ উইকেটে ৪৪ বলে ৭৪ রান যোগ করে দলকে বড় সংগ্রহের পথ দেখান মার্ক চ্যাপম্যান ও ড্যারিল মিচেল। এতে ১৪তম ওভার শেষে ১৩৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।
কিন্তু ৭ রানের ব্যবধানে চ্যাপম্যান-মিচেলসহ ৩ উইকেট পতন হলেও শেষ দিকে জেমস নিশাম ও ম্যাট হেনরির ২০ বলে ৩০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড।
৬টি চার ও ২টি ছক্কায় ২৬ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন চ্যাপম্যান। মিচেল ২৪ বলে ৩২, নিশাম ১৫ বলে অপরাজিত ২৩ ও হেনরি ৯ রান করেন। ৪০ রানে ৪ উইকেট শিকার করেন জানসেন।
১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক মার্করামের ঝড়ো ব্যাটিংয়ে ২৮ বলে ৬২ রানের সূচনা পায় দক্ষিণ আফ্রিকা। ১৪ বলে ২০ রান করে সাজঘরে ফিরেন কুইন্টন ডি কক।
১৯ বলে মার্করামের ১৩তম টি-টোয়েন্টি হাফ-সেঞ্চুরিতে অষ্টম ওভারে ১শ রান স্পর্শ করে দক্ষিণ আফ্রিকা।
দ্বিতীয় উইকেটে রায়ান রিকেলটনকে নিয়ে ১৮ বলে ৪০ এবং তৃতীয় উইকেটে ডেওয়াল্ড ব্রেভিসের সাথে ২৪ বল খেলে ২৯ রান যোগ করে দক্ষিণ আফ্রিকার জয়ের পথ সহজ করেন অধিনায়ক মার্করাম।
রিকেলটন ও ব্রেভিস ২১ রান করে থামলে চতুর্থ উইকেটে ডেভিড মিলারকে নিয়ে ৩৩ বলে ৪৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৭ বল বাকী থাকতে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন মার্করাম।
৮টি চার ও ৪টি ছক্কায় ৪৪ বলে ৮৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মার্করাম। ১৭ বলে ২৪ রানের ইনিংস খেলেন মিলার। ম্যাচ সেরা হন জানসেন।