শিরোনাম

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : মৌসুমের শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন ম্যানেজার হিসেবে ইগর টুডরের নিয়োগ নিশ্চিত করেছে টটেনহ্যাম হটস্পার।
সাবেক জুভেন্টাস কোচ টুডর বরখাস্তকৃত থমাস ফ্র্যাংকের স্থলাভিষিক্ত হয়েছেন। প্রিমিয়ার লিগে টটেনহ্যাম বর্তমানে রেলিগেশন জোন থেকে মাত্র পাঁচ পয়েন্ট ওপরে অবস্থান করছে।
শুক্রবার টুডর ও ক্লাব কর্তৃপক্ষ মৌখিক সমঝোতায় পৌঁছয়, যা এখন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়েছে।
টুডর বলেন, “গুরুত্বপূর্ণ এক সময়ে এই ক্লাবে যোগ দিতে পারা আমার জন্য সম্মানের। আমার ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি বুঝি। আমার লক্ষ্য স্পষ্ট, পারফরম্যান্সে ধারাবাহিকতা আনা এবং প্রতিটি ম্যাচে দৃঢ় বিশ্বাস নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করা। এই স্কোয়াডে যথেষ্ট মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। আমার কাজ হলো দলকে সংগঠিত করা, উদ্দীপ্ত করা এবং দ্রুত ফলাফল উন্নত করা।”
জুভেন্টাসে টুডর যখন দায়িত্ব নেন তখন দলটি ২০২৪-২৫ মৌসুমের শেষভাগে চ্যাম্পিয়ন্স লিগের বাইরে ছিল। তবে প্রথম ১১ ম্যাচে মাত্র এক হার নিয়ে তিনি দলকে চতুর্থ স্থানে তুলে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করেন।
কিন্তু চলতি মৌসুমে সেই ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় টানা আট ম্যাচ জয়হীন থাকার পর ৪৭ বছর বয়সী কোচকে অক্টোবর মাসে বরখাস্ত করা হয়। । তখন সিরি-এ’তে জুভেন্টাস অষ্টম স্থানে নেমে গিয়েছিল।
টুডর এর আগে ল্যাজিও, মার্সেই, হেলাস ভেরোনা, হাজাক স্পিল্ট, গ্যালাতাসারে ও উদিনেসের দায়িত্বও পালন করেছেন।
সাবেক ক্রোয়েশিয়া ডিফেন্ডার টুডরের সামনে এখন বড় চ্যালেঞ্জ, নিউক্যাসলের কাছে ২-১ ব্যবধানে হারের একদিন পর বরখাস্ত হওয়া ফ্র্যাঙ্কের রেখে যাওয়া পরিস্থিতি সামাল দেয়া। ফ্র্যাঙ্ক গত বছর আনগে পোস্তেকোগ্লুর বরখাস্তের পর ব্রেন্টফোর্ড থেকে যোগ দেন, কিন্তু ১৭ লিগ ম্যাচে মাত্র দুই জয়ে বিদায় নেন।
এফএ কাপ থেকে জানুয়ারিতে বিদায় নেওয়ায় সপ্তাহান্তে ম্যাচ না থাকায় টটেনহ্যাম খেলোয়াড়দের সোমবার পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে।
টুডরের সঙ্গে চুক্তির আগে টটেনহ্যামের সঙ্গে এডিন টারজিক ও মার্কো রোজের নামও জড়িয়ে ছিল।
স্থায়ী কোচ হিসেবে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে থাকতে পারেন সাবেক ম্যানেজার মরিসিও পোচেত্তিনো, যিনি জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দায়িত্ব শেষ করার পর বিবেচনায় আসতে পারেন।
টটেনহ্যামের পরবর্তী ম্যাচ আগামী ২২ ফেব্রুয়ারি, প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনালের বিপক্ষে।