বাসস
  ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১১

প্রীতি ম্যাচে বেলিংহামের খেলা নিয়ে শঙ্কা

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ইংল্যান্ড কোচ থমাস টাচেল স্বীকার করেছেন, আগামী মাসের প্রীতি ম্যাচগুলোতে তারকা মিডফিল্ডার জুড বেলিংহামের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার পর এই মিডফিল্ডার এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি।

১ ফেব্রুয়ারি রায়ো ভায়োকানোর বিপক্ষে ২-১ গোলের জয়েে ম্যাচের মাত্র ১০ মিনিটেই বদলি হয়ে মাঠ ছাড়েন বেলিংহাম। চোখে পানি নিয়ে মাঠ ত্যাগ করা এই তারকা সম্পর্কে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল প্রায় এক মাস তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে।

তবে বৃহস্পতিবার উয়েফা নেশন্স লিগের ড্র অনুষ্ঠানে টাচেল জানান, বেলিংহামের চোটের সময়কাল নিয়ে এখন আরও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

টাচেল বলেন, ‘রিয়াল মাদ্রিদ তার পুনর্বাসনের সময়কাল নিয়ে কিছুটা সতর্ক অবস্থান নিচ্ছে। জুড নিজে খুব চেষ্টা করছে। আমরা তাকে যেমন চিনি, সে খুব দৃঢ়প্রতিজ্ঞ এবং ভীষণ পেশাদার।

সে মার্চে আমাদের সঙ্গে থাকতে সর্বোচ্চ চেষ্টা করবে। অবশ্যই আমরা যোগাযোগ রাখছি, এটা স্বাভাবিক ব্যাপার। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি। তার জন্য যা করা সম্ভব, আমরা সহায়তা ও সমর্থন দেব। এটা একটু সময়ের সঙ্গে দৌড়ের মতো পরিস্থিতি।”

ইংল্যান্ড আগামী ২৭ মার্চ উরুগুয়ে এবং ৩১ মার্চ জাপানের বিপক্ষে ওয়েম্বলিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে। গ্রীষ্মে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবেই ম্যাচ দুটি আয়োজন করা হয়েছে।

টাচেল আরও বলেন, ‘বেলিংহামের ফিটনেস নিয়ে ব্যক্তিগতভাবে আমি আশাবাদী। কিন্তু নিশ্চিত নই।’

বেলিংহ্যাম সর্বশেষ নভেম্বর মাসে ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন। এর মধ্যে সার্বিয়ার বিপক্ষে ২৫ মিনিট বদলি হিসেবে এবং আলবেনিয়ার বিপক্ষে ৮৪ মিনিট তিনি মাঠে ছিলেন।

গত এক বছরে টাচেল প্রথম একাদশে জায়গা ধরে রাখতে তাকে প্রতিদ্বন্দ্বীতা করতে হয়েছে বিকল্পদের সঙ্গে, যার মধ্যে রয়েছেন এ্যাস্টন ভিলার মরগান রজার্স।

চলতি মৌসুমের শুরুতে কাঁধের অস্ত্রোপচারের পরও কিছু সময় মাঠের বাইরে ছিলেন বেলিংহাম। তবুও এই মৌসুমে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগার ১৮টি ম্যাচে অংশ নিয়েছেন।