বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২০

কানাডাকে হারিয়ে প্রথম জয় আরব আমিরাতের

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : পেসার জুনায়েদ সিদ্দিকীর দুর্দান্ত বোলিংয়ের পর দুই ব্যাটার আরিয়ানশ শর্মা ও শোয়েব খানের জোড়া হাফ-সেঞ্চুরিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে প্রথম জয়ের স্বাদ পেয়েছে সংযুক্ত আরব আমিরাত। 

‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আবর আমিরাত ৫ উইকেটে হারিয়েছে কানাডাকে। বল হাতে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন জুনায়েদ। ব্যাটিংয়ে আরিয়ানশ অপরাজিত ৭৪ ও শোয়েব ৫১ রান করে আরব আমিরাতের জয়ে অবদান রাখেন।

দিল্লিতে টস জিতে প্রথমে ব্যাট করে হার্শ থাকেরের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রান করে কানাডা। পাঁচ নম্বরে নেমে ২টি চার ও ৩টি ছক্কায় ৪১ বলে ৫০ রান করেন হার্শ। 

আরব আমিরাতের দ্বিতীয় বোলার হিসেবে আক্রমণে এসে ৪ ওভারে ৩৫ রানে ৫ উইকেট নেন জুনায়েদ। ৮৮ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার ইনিংসে ৫ উইকেট শিকার করেন এই ডান-হাতি পেসার। 

চলতি বিশ্বকাপে দ্বিতীয় বোলার হিসেবে ইনিংসে ৫ উইকেট নিলেন জুনায়েদ। এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে ২০ রানে ৫ উইকেট নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ড। 

জবাব দিতে নেমে কানাডার বাঁ-হাতি স্পিনার সাদ বিন জাফরের ঘূর্ণিতে ৬৬ রানে ৪ উইকেট হারায় আরব আমিরাত। এসময় ৩ উইকেট নেন জাফর। পঞ্চম উইকেটে ৪৩ বলে ৮৪ রানের জুটি গড়ে আরব আমিরাতের জয়ের পথ সহজ করেন আরিয়ানশ ও শোয়েব। 

৪টি করে চার-ছক্কায় শোয়েব ২৯ বলে ৫১ রানে আউট হলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন আরিয়ানশ। ৬ বাউন্ডারি ও ৩ ওভার বাউন্ডারিতে ৫৩ বলে অনবদ্য ৭৪ রান করেন আরিয়ানশ। জাফর ১৪ রানে ৩ উইকেট নেন। 

২ ম্যাচে ১ জয় ও হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে আরব আমিরাত। ২ ম্যাচের একটিতেও জিততে পারেনি কানাডা।