বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৯

সুপার এইটের দৌড়ে টিকে থাকার লড়াই ইংল্যান্ড ও স্কটল্যান্ডের

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের দৌড়ে টিকে থাকার লক্ষ্য নিয়ে ‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে আগামীকাল মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশি দেশ ইংল্যান্ড ও স্কটল্যান্ড। 

২ ম্যাচ করে খেলে, দু’দলেরই পয়েন্ট সমান ২। সুপার এইটের দৌড়ে ভালভাবে টিকে থাকতে হলে এ ম্যাচে দু’দলের জন্য জয় খুবই গুরুত্বপূর্ণ। 

কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় মুখোমুখি হবে ইংল্যান্ড ও স্কটল্যান্ড।

নেপালের বিপক্ষে ৪ রানের জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ইনিংসের শেষ ওভারে স্যাম কারানের দারুণ বোলিংয়ে স্বস্তির জয় পায় ইংলিশরা। শেষ ওভারে ১০ রানের দরকারে ৫ রানের বেশি তুলতে পারেনি নেপাল।

তবে পরের ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় ইংল্যান্ড। ব্যাটিং-বোলিং ব্যর্থতায় ক্যারিবীয়দের কাছে ৩০ রানের হার বরণ করে নেয় ইংলিশরা। 

ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের দুঃস্মৃতি ভুলে জয়ের ধারায় ফিরতে মরিয়া ইংল্যান্ড। স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে সুপার এইটের দৌড়ে ভালভাবে টিকে থাকতে চায় হ্যারি ব্রুকের দল। 

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে ব্রুক বলেন, ‘প্রথম ম্যাচে জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার দলকে ব্যাকফুঠে ঠেলে দিয়েছে। তবে আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। সুপার এইটের দৌড়ে টিকে থাকতে হলে স্কটল্যান্ডের বিপক্ষে জয় খুবই গুরুত্বপূর্ণ। এ ম্যাচে জয়ের জন্যই আমরা মাঠে নামব।’

ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩৫ রানে হেরে বিশ্বকাপ শুরু করলেও, পরের ম্যাচেই জয় তুলে নেয় স্কটল্যান্ড। অভিষেক বিশ্বকাপ খেলতে নামা ইতালির বিপক্ষে ৭৩ রানের বড় ব্যবধানে জিতে স্কটিশরা। এই জয়ে সুপার এইটের দৌড়ে টিকে থাকে তারা। 

নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সুপার দৌড়ে এক ধাপ এগিয়ে যেতে চায় স্কটল্যান্ড। দলের ওপেনার জিওর্জি মুনসি বলেন, ‘আমাদের সামনে সুপার এইটে খেলার ভাল সুযোগ আছে। তাই ইংল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য দলের সবাই মুখিয়ে আছে। তিন বিভাগে সেরা ক্রিকেট খেলতে পারলে জয় অসম্ভব না।’

২০২৪ সালের বিশ্বকাপে প্রথমবারের মত টি-টোয়েন্টিতে দেখা হয়েছিল ইংল্যান্ড-স্কটল্যান্ডের। বৃষ্টির কারণে ঐ ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। ১০ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে বিনা উইকেটে ৯০ রান করেছিল স্কটল্যান্ড। এরপর আর ব্যাট করার সুযোগ পায়নি ইংল্যান্ড।

স্কটল্যান্ড দল : রিচি বেরিংটন (অধিনায়ক), টম ব্রুস, ম্যাথু ক্রস, ব্র্যাডলি কারি, অলিভার ডেভিডসন, ক্রিস গ্রিভস, জাইনুল্লাহ ইহসান, মাইকেল জোন্স, মাইকেল লিস্ক, ফিনলে ম্যাকক্রিথ, ব্রেন্ডন ম্যাকমুলেন, জর্জ মানসি, সাফইয়ান শরীফ, মার্ক ওয়াট, ব্র্যাডলি হুইল। 

ইংল্যান্ড দল : হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, স্যাম কারান, লিয়াম ডওসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং ও লুক উড।