শিরোনাম

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : হাঁটুর ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে আর খেলতে পারবেন না আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং। তার বদলি হিসেবে বিশ্বকাপের বাকী অংশে খেলার জন্য আয়ারল্যান্ড দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার স্যাম টপিং।
এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। এছাড়া ইতোমধ্যে স্টার্লিংয়ের বদলির অনুমোদনও দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ইভেন্ট টেকনিক্যাল কমিটি।
গত বুধবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল আয়ারল্যান্ড। অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের সপ্তম ওভারে জশ ইংলিসের ক্যাচ নিতে গিয়ে হাঁটুর ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন স্টার্লিং। তার জায়গায় দলকে নেতৃত্ব দেন লরকান টাকার।
প্রাথমিক চিকিৎসা নিয়ে আয়ারল্যান্ডের ব্যাটিং ইনিংসের শুরুতে ব্যাট হাতে নামেন স্টার্লিং। ইনিংসের প্রথম বলে এক রান নিতে গিয়ে হাঁটুতে ব্যথা অনুভব করায় রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরেন। এরপর আর ব্যাট হাতে নামতে পারেননি আইরিশ দলনেতা।
দু’দিন পর স্টার্লিংকে নিয়ে দুঃসংবাদ দেয় আয়ারল্যান্ড। তারা জানায়, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে হাঁটুর ইনজুরির কারণে বিশ্বকাপের বাকী অংশে খেলতে পারবেন না স্টার্লিং। তার জায়গায় দলে নেওয়া হয়েছে স্যাম টপিংকে।’
আয়ারল্যান্ডের হয়ে এখনও কোন ফরম্যাটেই আন্তর্জাতিক ম্যাচ খেলেননি ২০ বছর বয়সী টপিং। ঘরোয়া টি-টোয়েন্টিতে ১২ ম্যাচ খেলে ৪টি হাফ-সেঞ্চুরিতে ৩৭৪ রান করেছেন টপিং।
স্টার্লিংকে হারানো আয়ারল্যান্ডের জন্য বড় ধাক্কা। দলের অধিনায়কের দাায়িত্ব পালনের পাশাপাশি দলের অন্যতম সেরা ব্যাটার তিনি। আয়ারল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ১৬৩ ম্যাচে সর্বোচ্চ ৩৮৯৫ রান করেছেন এই ডান-হাতি ব্যাটার।
বিশ্বকাপে ইতোমধ্যে শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার কাছে হেরেছে আয়ারল্যান্ড। ওমান ও জিম্বাবুয়ের বিপক্ষে খেলা বাকী আছে আইরিশদের। এরমধ্যে এক ম্যাচ হারলে আনুষ্ঠানিকভাবে সুপার এইটে খেলার আশা শেষ হয়ে যাবে তাদের।