বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪১

বিশ্বকাপ শেষ টেইলরের, বদলি কারান

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে দশম আসর থেকে ছিটকে গেলেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক-ব্যাটার ব্রেন্ডন টেইলর।  

চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওমানের মুখোমুখি হয় জিম্বাবুয়ে। ঐ ম্যাচে উইকেটরক্ষক হিসেবে তিনটি ক্যাচ নেওয়ার পর ব্যাট করতে নামেন টেইলর। 

চার নম্বরে ব্যাট হাতে নেমে ৩০ বলে ৩টি চারে ৩১ রান করে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন টেইলর। পরবর্তীতে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। 

ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি টেইলর। কলম্বোতে অসিদের বিপক্ষে টস করার সময় জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা জানান, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে চলতি বিশ্বকাপে আর খেলতে পারবেন না টেইলর।

টেইলরের বদলি হিসেবে বিশ্বকাপে বাকী অংশের জন্য জিম্বাবুয়ে দলে ডাক পেয়েছেন স্যাম কারানের ভাই বেন কারান। ইংল্যান্ডের হয়ে চলতি বিশ্বকাপে খেলছেন স্যাম কারান। 

জিম্বাবুয়ের হয়ে এখনও আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার সুযোগ পাননি বেন কারান। তবে জিম্বাবুয়ের জার্সিতে ৮টি করে টেস্ট ও ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে তার। 

টেস্টে ১টি করে হাফ-সেঞ্চুরি ও সেঞ্চুরিতে ৪৯৫ রান এবং ওয়ানডেতে ১টি শতক ও ২টি অর্ধশতকে ৩৪০ রান করেছেন ২৯ বছর বয়সী বেন।