বাসস
  ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৬

ইংল্যান্ডের অধিনায়ক স্টোকসের অস্ত্রোপচার সম্পন্ন

ছবি : সংগৃহীত

ঢাকা, ১১ ফেব্রুয়াারি, ২০২৬ (বাসস) : ক্রিকেট বল মুখে লাগার পর ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে ।

৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার গত সপ্তাহে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। যেখানে তার চোখের নীচে বেশ খানিকটা জায়গায় নীলচে দাগ দেখা যায়। গালে ও ঠোঁটে ছিল চামড়া ছেঁড়া দাগ, আর নাকে ছিল ব্যান্ডেজ।
ছবির ক্যাপশনে তিনি মজার ছলে লেখেন, “ক্রিকেট বলটার অবস্থা দেখলে অবাক হতেন,” সঙ্গে ছিল হাসির ইমোজি।

মঙ্গলবার তিনি আবার হাসপাতাল থেকে একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, “দেখতে হয়তো তেমন লাগছে না, কিন্তু অস্ত্রোপচার সফল হয়েছে।”

অস্ট্রেলিয়ার বিপক্ষে হতাশাজনক অ্যাশেজ সফর শেষে স্টোকস বর্তমানে ইংল্যান্ডে ফিরেছেন। সেই সিরিজে ইংল্যান্ড ৪-১ ব্যবধানে হারে।

লাল বলের অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে চান বলে স্পষ্ট জানালেও তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এ বিষয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) পর্যালোচনা করছে।

স্টোকস এখন আর ইংল্যান্ডের সাদা বলের দলে নেই এবং ভারত ও শ্রীলঙ্কায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছেন না।

কাউন্টি চ্যাম্পিয়নশিপের শুরুর দিকে ডারহামের হয়ে তার খেলার সম্ভাবনা রয়েছে। এরপর ৪ জুন স্টোকসের ৩৫তম জন্মদিনের দিন লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ঘরের মাঠের টেস্ট মৌসুম শুরু হবে।