বাসস
  ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৩

মার্করাম-এনগিদির নৈপুণ্যে জয় দিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ আফ্রিকার

ছবি : সংগৃহীত

ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : ওপেনার আইডেন মার্করামের ঝড়ো হাফ-সেঞ্চুরি ও পেসার লুঙ্গি এনগিদির বোলিং নৈপুন্যে সহজ জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু করল দক্ষিণ আফ্রিকা। 

গতরাতে ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৫৭ রানে হারিয়েছে কানাডাকে। অধিনায়ক মার্করাম ৩২ বলে ৫৯ রান এবং এনগিদি ৩১ রানে ৪ উইকেট নেন। 

আহমেদাবাদে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪১ বলে ৭০ রান তুলেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার মার্করাম ও কুইন্টন ডি কক। ২২ বলে ২৫ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন ডি কক। 

দ্বিতীয় উইকেটেও দলকে হাফ-সেঞ্চুরির জুটি উপহার দিয়েছেন মার্করাম ও রায়ান রিকেলটন। তাদের ২৯ বলে ৫৬ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় দক্ষিণ আফ্রিকা। তবে ১২ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে প্রোটিয়ারা। 

১২তম হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে মার্করাম ১০টি চার ও ১টি ছক্কায় ৩২ বলে ৫৯ রান করেন। রিকেলটন ২১ বলে ৩৩ ও ডেওয়াল্ড ব্রেভিস ৬ রানে থামেন। 

১৩৮ রানে চতুর্থ উইকেট পতনের পর দক্ষিণ আফ্রিকাকে ২০ ওভারে ৪ উইকেটে ২১৩ রানের সংগ্রহ এনে দেন ডেভিড মিলার ও ট্রিস্টান স্টাবস। ১ চার ও ৩ ছক্কায় ২৩ বলে অপরাজিত ৩৯ রান করেন মিলার। ২টি করে চার-ছক্কায় ১৯ বলে অনবদ্য ৩৪ রান করেন স্টাবস। কানাডার আনস প্যাটেল ৩১ রানে ৩ উইকেট নেন। 

জবাবে দক্ষিণ আফ্রিকার পেসারদের তোপে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৬ রানের বেশি করতে পারেনি কানাডা। এক প্রান্ত আগলে লড়াই করেছেন নাভনিত ধালিওয়াল। কিন্তু তার ৭ চার ও ১ ছক্কায় সাজানো ৪৯ বলে ৬৪ রানের লড়াকু ইনিংসেও হার এড়াতে পারেনি কানাডা।

দক্ষিণ আফ্রিকার চার পেসার এনগিদি ৪টি, মার্কো জানসেন ২টি এবং কাগিসো রাবাদা ও কর্বিন বশ ১টি করে উইকেট নেন।