শিরোনাম

ঢাকা, ৯ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : তিন পেসার ব্লেসিং মুজারাবানি-রিচার্ড এনগারাভা ও ব্র্যাড ইভান্সের বোলিং নৈপুণ্যে সহজ জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু করল জিম্বাবুয়ে ক্রিকেট দল।
আজ ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে ৩৯ বল হাতে রেখে ৮ উইকেটে হারিয়েছে ওমানকে। ৩টি করে উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখেন মুজারাবানি-এনগারাভা ও ইভান্স।
শ্রীলংকার কলম্বোতে টস হেরে ব্যাট হাতে নেমে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানির তোপের মুখে পড়ে ২৭ রানে ৫ উইকেট হারায় ওমান। এরমধ্যে ৩ উইকেট নেন মুজারাবানি।
ষষ্ঠ উইকেটে ৪৩ বলে ৪২ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন সুফিয়ান মেহমুদ ও ভিনায়েক শুকলা। বড় ইনিংস খেলার আভাস দিয়ে সুফিয়ান ২৫ ও শুকলা ২৮ রান করেন।
দলীয় ৭৬ রানের মধ্যে সুফিয়ান ও শুকলার বিদায়ের পর নাদিম খানের ছোট ইনিংসের কল্যাণে কোনমতে তিন অঙ্কে পা রেখে ১৯.৫ ওভারে ১০৩ রানে অলআউট হয় ওমান। সুফিয়ান ২৫, শুকলা ২৮ ও নাদিম ২০ রান করেন।
মুজারাবানি ১৬ রানে, এনগারাভা ১৭ রানে ও ইভান্স ১৮ রানে ৩টি করে উইকেট নেন।
জবাবে ৩০ রানে ২ উইকেট পতনের পর জিম্বাবুয়ের জয়ের ভিত গড়ে দেন ওপেনার ব্রায়ান বেনেট ও ব্রেন্ডন টেইলর। তৃতীয় উইকেটে ৫৬ বলে ৬৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। দলের জয় থেকে ৬ রান দূরে থাকতে আহত অবসর নেন টেইলর। ৩০ বলে ৩১ রান করেন তিনি।
টেইলর ফেরার পর ৩৯ বল বাকী থাকতে জিম্বাবুয়ের জয় নিশ্চিত করেন বেনেট ও রাজা। বেনেট ৩৬ বলে ৪৮ এবং রাজা ৫ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হন মুজারাবানি।