বাসস
  ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৯

বার্সার পিছু ছাড়েনি রিয়াল, হোঁচট খেল এ্যাথলেটিকো

ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : লা লিগায় মৌসুমের নিজের ২৩তম গোল করে কিলিয়ান এমবাপ্পে ভ্যালেন্সিয়ার মাঠে রিয়াল মাদ্রিদকে ২-০ ব্যবধারে জয় উপহার দিয়েছেন। এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে রিয়ালের ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র এক পয়েন্টে।

তৃতীয় স্থানে থাকা এ্যাথলেটিকো মাদ্রিদ ঘরের মাঠে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে। মাত্র তিন দিন আগে কোপা দেল রেতে বেতিসকে বড় ব্যবধানে হারালেও এবার পরাজয়ে শীর্ষ দুই দলের থেকে আরও পিছিয়ে পড়লো তারা।

শনিবার মায়োর্কাকে হারানোর পর স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সার উপর চাপ বজায় রাখতে আলভারো আরবেলোয়ার রিয়ালের মেস্তালায় জয় ভিন্ন উপায় ছিলনা। 

নিষিদ্ধ ভিনিসিয়াস জুনিয়র ও চোটে থাকা জুড বেলিংহ্যামকে ছাড়া খেলায় রিয়াল ঝলক কম দেখালেও স্পেনের পূর্ব উপকূলে ঠিকই তিন পয়েন্ট আদায় করে নেয়।

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি আলভারো কারেয়াস অতিথিদের এগিয়ে দেন এবং শেষদিকে এমবাপ্পে গোল করে জয় নিশ্চিত করেন।

আরবেলোয়া বলেন, “এটা এমন একটা ম্যাচ ছিল যেখানে অনেক ধৈর্য দরকার ছিল। আমরা যেভাবে দৃঢ়তা ও মনোযোগ ধরে রেখেছি, তাতেই জয় এসেছে। আমার মনে হয়, আমরা ন্যায্যভাবেই জিতেছি।”

ইংল্যান্ডের আন্তর্জাতিক তারকা ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড চোট কাটিয়ে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন।

প্রথমার্ধে আর্দা গুলার ও এমবাপ্পের সুযোগ ছিল। রিয়ালের রাইটব্যাক ও একাডেমি খেলোয়াড় দাভিদ হিমেনেস গোলের কাছাকাছি গিয়েছিলেন, কিন্তু গোলরক্ষক স্টোল দিমিত্রিয়েভস্কি তাকে আটকে দেন।

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি কারেয়াস হঠাৎই গোল করে রিয়ালকে লিড এনে দেন। বাম দিক থেকে ভেতরে ঢুকে ডান পায়ের দুর্বল শটে দিমিত্রিয়েভস্কির কাছ থেকে বল জালে পাঠান। ভ্যালেন্সিয়া সমতায় ফিরতে পারত, কিন্তু লুকাস বেলত্রানের শট পোস্টে লেগে ফিরে আসে।

শেষ পর্যন্ত যোগ করা সময়ে ব্রাহিম দিয়াজের বাড়ানো বলে কাছ থেকে গোল করে লা লিগার শীর্ষ গোলদাতা এমবাপ্পে রিয়ালের তিন পয়েন্ট নিশ্চিত করেন।

ভ্যালেন্সিয়ার সমর্থকদের একটি অংশ ম্যাচ চলাকালে ক্লাবের পরিস্থিতির প্রতিবাদে সাদা রুমাল নাড়ান। ম্যাচ শেষে সমর্থকেরা হতাশ হয়ে মাঠ ছাড়েন। দলটি এই মুহূতে রেলিগেশন জোনের ঠিক এক পয়েন্ট ওপরে ১৭তম স্থানে রয়েছে।

অন্যদিকে প্রথমার্ধে অ্যান্টনির গোলেই এ্যাথলেটিকোর মাঠে জয় পায় বেতিস। এই জয়ে কোপা দেল রেতে বড় হারের প্রতিশোধ নেয় তারা। এই পরাজয়ে বার্সেলোনার থেকে এ্যাথলেটিকোর ব্যবধান বেড়ে দাঁড়ায় ১৩ পয়েন্ট।

পঞ্চম স্থানে থাকা বেতিস শীর্ষ চারে ওঠার লড়াই চালিয়ে যাচ্ছে। চতুর্থ স্থানে থাকা ভিয়ারিয়ালের থেকে চার পয়েন্ট পিছিয়ে রয়েছে। যদিও ‘ইয়েলো সাবমেরিন’-এর চেয়ে দুটি ম্যাচ বেশি খেলেছে তারা।

বৃহস্পতিবার কোপা দেল রেতে বেতিসকে ৫-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে উঠেছিল দিয়েগো সিমিওনের দল। 

অন্য ম্যাচগুলোতে অ্যাথলেটিক বিলবাও লেভান্তেকে ৪-২ গোলে হারায়, সেভিয়া ও জিরোনা ১-১ গোলে ড্র করে, আর গেতাফে আলাভেসের মাঠে ২-০ ব্যবধানের জয় পায়।