বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৩

জয় দিয়ে বিশ্বকাপ শুরুর মিশন দক্ষিণ আফ্রিকা ও কানাডার

ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু করার লক্ষ্য নিয়ে আগামীকাল ‘ডি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও কানাডা। এ ম্যাচ দিয়ে প্রথমবারের মত টি-টোয়েন্টি ফরম্যাটে দেখা হচ্ছে দু’দলের।

ভারতের আহমেদাবাদে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা ও কানাডা।

গত বিশ্বকাপের ফাইনাল খেলেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ফাইনালে ভারতের কাছে মাত্র ৭ রানে হেরে যায় প্রোটিয়ারা। আগের আসরের দুঃস্মৃতি ভুলতে এবার শিরোপা জিততে মরিয়া দক্ষিণ আফ্রিকা। তবে ম্যাচ-বাই-ম্যাচ খেলার পরিকল্পনা প্রোটিয়াদের।

কানাডার বিপক্ষে ম্যাচকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে দক্ষিণ আফ্রিকা। কারণ জয় দিয়ে যেকোন আসর শুরু করতে পারলে, পরের ম্যাচগুলোতে বাড়তি আত্মবিশ্বাস পাওয়া যায় বলে মনে করেন প্রোটিয়া অধিনায়ক আইডেন মার্করাম।

তিনি বলেন, ‘কানাডার বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ। কারণ এ ম্যাচে জিততে পারলে পরবর্তীতে আমাদের মনোবল চাঙ্গা থাকবে। কিন্তু শুরুতে হোঁচট খেলে পরের ম্যাচগুলোতে চাপে পড়তে হবে। এজন্য জয়ের লক্ষ্য নিয়ে আমরা মাঠে নামব এবং আমাদের পরিকল্পনাগুলো কাজে লাগাতে হবে।’

২০২৪ সালে প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল কানাডা। ঐ আসরে ৪ ম্যাচ খেলে ১টিতে জয়, ২টিতে হার ও ১টি পরিত্যক্ত হয়। গ্রুপ পর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে ১২ রানে জিতেছিল কানাডা। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের সাথে পয়েন্ট ভাগাভাগি করে তারা।

বাছাই পর্ব পেরিয়ে দশম আসরেও খেলার টিকিট পেয়েছে কানাডা। আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৬ ম্যাচের সবগুলোতে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করে কানাডা।

গত আসরের চেয়ে এবার আরও ভাল পারফরমেন্স করার লক্ষ্য কানাডার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামার আগে কানাডার অধিনায়ক দিলপ্রীত বাজওয়া বলেন, ‘গত আসরে আমরা ভাল খেলেছি। আমাদের আরও ভাল করার সুযোগ ছিল। তবে এবার আমরা আগের চেয়ে আরও ভাল পারফরমেন্স করতে চাই। এজন্য শুরুটা দারুণ হওয়া দরকার। আশা করছি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাফল্য নিয়ে আমরা মাঠ ছাড়তে সক্ষম হব।’

দক্ষিণ আফ্রিকা দল : আইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, জেসন স্মিথ, ডনোভান ফেরেইরা, টনি ডি জর্জি, জর্জ লিন্ডে, মার্কো জানসেন, কর্বিন বশ, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, এনরিচ নর্টি ও কোয়েনা মাফাকা।

কানাডা দল : দিলপ্রীত বাজওয়া (অধিনায়ক), অজয়ভীর হুন্দল, অনশ প্যাটেল, দিলন হেইলিজার, হার্শ থাকের, জাসকারানদীপ বুট্টার, কালীম সানা, কানওয়ারপাল টাথগুর, নভনীত ধালিওয়াল, নিকোলাস কীর্তন, রবিন্দরপল সিং, সাদ বিন জাফর, শিভম শর্মা, শ্রেয়াস মোভা ও যুবরাজ সাম্রা।