শিরোনাম

ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মত মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও ওমান। আগামীকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে একে অপরের বিপক্ষে খেলতে নামবে জিম্বাবুয়ে ও ওমান।
শ্রীলংকার কলম্বোতে জিম্বাবুয়ে ও ওমানের মধ্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায়।
টি-টোয়েন্টি ক্রিকেটে কখনও দেখা হয়নি জিম্বাবুয়ে ও ওমানের। তবে ওয়ানডে ফরম্যাটে একবার মুখোমুখি হয়েছিল দু’দল। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ১৪ রানে ওমানকে হারিয়েছিল জিম্বাবুয়ে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর দিয়ে অবশেষে সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে জিম্বাবুয়ে ও ওমান।
এক আসর পর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামছে জিম্বাবুয়ে। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছিল জিম্বাবুয়ে। এবার আফ্রিকা অঞ্চলের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেয় জিম্বাবুয়ে।
বিশ্বকাপের প্রত্যাবর্তনটা জয় দিয়ে করতে চান জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ওমানের বিপক্ষে ম্যাচ নিয়ে রাজা বলেন, ‘এক আসর পর বিশ্বকাপ খেলতে নামছে জিম্বাবুয়ে। প্রত্যাবর্তনটা স্মরণীয় করতে রাখতে চায় দল। ওমানের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামব আমরা।’
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাই পর্বে রানার্স-আপ হয়ে টানা দ্বিতীয়বারের মত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ওমান। গত আসরের বিশ্বকাপে খেলেছিল ওমান। গ্রুপ পর্বে ৪ ম্যাচের সবগুলোতে হেরেছিল তারা।
এবারের বিশ্বকাপে হারের বৃত্ত ভাঙ্গার চ্যালেঞ্জ ওমানের। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ নিতে মরিয়া তারা। অধিনায়ক জতিন্দর সিং বলেন, ‘গত বিশ্বকাপে ওমান ভাল করতে পারেনি। ৪ ম্যাচের সবগুলোতেই হেরেছিল। এবার আমাদের প্রধান লক্ষ্য হারের বৃত্ত ভেঙ্গে জয়ের স্বাদ নেওয়া। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আমরা লক্ষ্য পূরণ করতে চাই।’
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচে মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ে ও ওমান। ৪ উইকেটের জয়ে জিম্বাবুয়েকে হারিয়েছিল ওমান।
জিম্বাবুয়ে দল : সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, ব্র্যাডলি ইভান্স, ক্লাইভ মাদান্ডে, টিনোটেন্ডা মাপোসা, টাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, টাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মেয়ার্স, রিচার্ড এনগারাভা, ব্রেন্ডন টেইলর।
ওমান দল : জতিন্দর সিং (অধিনায়ক), বিনায়ক শুক্লা (সহ-অধিনায়ক), মোহাম্মদ নাদিম, শাকিল আহমেদ, হাম্মাদ মির্জা, ওয়াসিম আলী, করণ সোনাভেল, ফয়সাল শাহ, নাদিম খান, সুফিয়ান মেহমুদ, জয় ওড্ড্রো, শফিক জান, আশিস ওড্ড্রো, জিতেন রমানন্দি ও হাসনাইন আলী শাহ।