শিরোনাম

ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রবার্ট লিওয়ানদোস্কি ও লামিন ইয়ামালের গোলের সুবাদে শনিবার মায়োর্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে স্বস্তিদায়ক জয় পেয়েছে বার্সেলোনা। এই জয়ে লা লিগার শীর্ষে চার পয়েন্টের লিড নিল কাতানাস জায়ান্টরা।
আংশিকভাবে পুনরায় খোলা ক্যাম্প ন্যু স্টেডিয়ামে ম্যাচের শেষ দিকে মার্ক বার্নালের গোলও আসে। এর ফলে রোববার ভ্যালেন্সিয়া সফরে যাওয়ার আগে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান আরও বাড়াল আলভারো আরবেলোয়ার দল।
প্রথমার্ধে বার্সেলোনার পারফরম্যান্স ছিল কিছুটা ধীরগতির, যদিও লিওয়ানদোস্কির গোলে বিরতিতে এগিয়ে ছিল স্বাগতিকরা।
বার্সা কোচ হান্সি ফ্লিক স্বীকার করেন, “আমি সন্তুষ্ট ছিলাম না। আমরা আমাদের স্বাভাবিক ছন্দে ছিলাম না, খেলা আর পাসিং খুব ধীর ছিল। প্রথমার্ধটা বার্সা যেভাবে খেলতে চায়, সেভাবে হয়নি, তবে দ্বিতীয়ার্ধ অনেক ভালো ছিল।”
ম্যাচের শুরুতেই মায়োর্কার টার্গেটম্যান ভেদাত মুরিকি ব্যাক পোস্টে স্লাইড করে বল জালে জড়ানোর কাছাকাছি গিয়েছিলেন, তবে বল সাইড নেটে লাগে। ইয়ান ভার্জিলির শটও ঠেকান বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়া।
নিষ্প্রভ শুরুর পর বার্সার খেলায় গতি আনেন মার্কাস রাশফোর্ড। বাঁ দিক থেকে নেওয়া তার শট অল্পের জন্য দূরের পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়।
ইংল্যান্ড ফরোয়ার্ডের একটি ব্লকড শট থেকেই আসে প্রথম গোল। ফিরতি বলে দানি ওলমো ঠেলে দেন লিওয়ানদোস্কির কাছে, যিনি কাছ থেকে গোলটি করেন।
রাশফোর্ডের নেওয়া একটি বিপদজনক ফ্রি-কিক মায়োর্কার গোলরক্ষক লিও রোমান দারুন দক্ষতায় রুখে দেন। আর জুলেস কুন্ডের রিবাউন্ডে ইয়ামাল একেবারে সামনে থেকে সুযোগ পেয়েও গোল করতে পারেননি।
তবে দ্বিতীয়ার্ধে সেই ভুল পুষিয়ে নেন ১৮ বছর বয়সী ইয়ামাল। বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত শটে রোমানকে কোনো সুযোগই দেননি তিনি।
চার ম্যাচে এটি ছিল তার চতুর্থ গোল, চলতি মৌসুমে ইয়ামাল এখন সেরা ফর্মে রয়েছেন।
মিডফিল্ডার মার্ক কাসাদোর ডিফ্লেক্টেড শট ক্রসবারে লেগে ফেরত না আসলে বার্সরা ব্যবধান আরও বাড়তে পারত।
অন্য প্রান্তে এন্টোনিও সানচেজের শট ঠেকিয়ে ক্লিন শিট নিশ্চিত করেন গার্সিয়া। এরপর বার্সার জয়ে শেষ ছোঁয়া দেন বার্নাল।
১৮ বছর বয়সী এই মিডফিল্ডার মায়োর্কার ডিফেন্স ভেদ করে ঢুকে শুটিংয়ের সুযোগ তৈরি করেন এবং ডিফ্লেকশনের সাহায্যে গোল করেন। বার্সার জার্সিতে এটিই তার প্রথম গোল।
গত মৌসুমের শুরুতে প্রথম দলে জায়গা করে নিলেও ২০২৪ সালের আগস্টে হাঁটুর গুরুতর চোটে পড়ে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন বার্নাল, যা তার অগ্রযাত্রা থামিয়ে দেয়।
মিডফিল্ডের নিচের দিকে সাধারণত খেলা বার্নাল বলেন, চোট কাটিয়ে ক্লাবের হয়ে প্রথম গোল করা ছিল আবেগঘন অভিজ্ঞতা, “গোল করার সময় আমি গত বছরের কঠিন সময়গুলোর কথা ভেবেছি। আমার পরিবারের জন্যও এটা খুব তৃপ্তিদায়ক, তাদের কথাও মনে পড়েছে”।
শেষ দিকে ফ্লিক ১৯ বছর বয়সী মিডফিল্ডার টমি মার্কেসকে অভিষেকের সুযোগ দেন। লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা এই তরুণ প্রথমবার মূল দলে পা রাখলেন।
দিনের শেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদ ঘরের মাঠে এলচেকে ৩-১ গোলে হারিয়ে অষ্টম স্থানে উঠে আসে। পঞ্চম স্থানে থাকা রিয়াল বেতিসের থেকে তারা এখন মাত্র চার পয়েন্ট পিছিয়ে।
এর আগে শনিবার, মাদ্রিদের ভায়োকাস স্টেডিয়ামের মাঠের অবস্থা খারাপ থাকায় রিয়াল ওভিয়েদোর বিপক্ষে রায়ো ভায়েকানোর ঘরের ম্যাচ স্থগিত করে লা লিগা।
এছাড়া প্রতিকূল আবহাওয়ার কারণে শনিবার বিকেলে অনুষ্ঠিতব্য জিরোনার বিপক্ষে সেভিয়ার ঘরের ম্যাচ রোববার সরিয়ে নেওয়া হয়।