বাসস
  ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৮

প্রথমবারের মত আন্তর্জাতিক ক্রিকেটে কাল মুখোমুখি ইংল্যান্ড-নেপাল

ঢাকা, ৭ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : প্রথমবারের মত আন্তর্জাতিক ক্রিকেটে কাল মুখোমুখি হবে ইংল্যান্ড ও নেপাল। টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে ‘সি’ গ্রুপের ম্যাচে লড়বে দু’দল। জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করার লক্ষ্য দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। অন্যদিকে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে বিশ্বকাপে চমক দেখাতে চায় নেপাল। 

ভারতের মুম্বাইয়ে বাংলাদেশ সময় দুপুর ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। 

আন্তর্জাতিক ক্রিকেটে কখনও দেখা হয়নি ইংল্যান্ড-নেপালের। অবশেষে একে অপরের বিপক্ষে খেলতে যাচ্ছে তারা। 

প্রথমবারের মত নেপালের মুখোমুখি হবার কারণে সর্তক ইংল্যান্ড। এজন্য সতীর্থদের সাবধান করেছেন দলের অধিনায়ক হ্যারি ব্রুক। তিনি বলেন, ‘আমরা আগে কখনও নেপালের সাথে খেলিনি। তবে নেপালের খেলা দেখেছি আমরা। বিশ্বকাপ ম্যাচকে সামনে রেখে নেপালকে নিয়ে হোমওর্য়াকও করেছে দল, যাতে মাঠে সমস্যায় পড়তে না হয়।’

নেপাল ম্যাচকে সামনে রেখে ফিল সল্টকে নিয়ে চিন্তায় ছিল ইংল্যান্ড। তবে ইংলিশদের জন্য সুখবর হচ্ছে, নেপালের বিপক্ষে খেলার জন্য ফিট হয়ে উঠেছেন সল্ট। 

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের জন্য সল্টকে নিয়ে একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। উইকেটরক্ষক জশ বাটলারের সাথে ইংল্যান্ডের ইনিংস শুরু করবেন সল্ট। 

এই নিয়ে তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে নেপাল। এর আগে ২০১৪ ও ২০২৪ সালে খেলেছিল তারা। নিজেদের প্রথম আসরে ৩ ম্যাচ খেলে ২টিতে জয় ও ১টিতে হার এবং গত আসরে ৪ ম্যাচের মধ্যে ৩টিতে হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

নিজেদের দ্বিতীয় আসরে জয়শূন্য থাকায়, এবারের আসরে জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে নামবে নেপাল। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেই অঘটনের জন্ম দিতে চায় নেপাল। দলের অধিনায়ক রোহিত পাউডেল বলেন, ‘আগের আসরে আমরা ভাল করতে পারিনি। আশা করছি, এবার আমরা ভাল ক্রিকেট খেলবো এবং সাফল্য নিয়ে বিশ্বকাপ শেষ করতে সক্ষম হব। ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে চমক দেখাতে চায় দলের সবাই। কাজটি কঠিন হলেও আমাদের চেষ্টার কমতি থাকবে না।’

ইংল্যান্ড একাদশ : হ্যারি ব্রুক (অধিনায়ক), জশ বাটলার, জ্যাকব বেথেল, টম ব্যান্টন, স্যাম কারান, উইল জ্যাকস, লিয়াম ডওসন, জোফরা আর্চার, আদিল রশিদ ও লুক উড।

নেপাল দল : রোহিত পাউডেল (অধিনায়ক), দীপেন্দ্র সিং আইরি, সন্দীপ লামিছানে, কুশল ভুর্তেল, আসিফ শেখ, সুন্দীপ জোরা, আরিফ শেখ, বাসির আহমেদ, সোমপাল কামি, কারান কেসি, নন্দন যাদব, গুলশান ঝা, ললিত রাজবংশী, শের মাল্লা, লোকেশ বাম।