শিরোনাম

ঢাকা, ৫ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ ওমানের কাছে ৪ উইকেটে হেরেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।
কলম্বোতে গতরাতে ব্যাঙ্গালুরুতে টস হেরে প্রথমে ব্যাট হাতে নামা জিম্বাবুয়েকে ৪৬ বলে ৮৬ রানের সূচনা এনে দেন দুই ওপেনার ব্রায়ান বেনেট ও ব্রেন্ডন টেইলর। ২৬ রান করে আহত অবসর নেন টেইলর। তবে হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে আউট হন বেনেট। ৭টি চার ও ৩টি ছক্কায় ২৮ বলে ৫৬ রান করেন তিনি।
তিন নম্বরে নেমে ২৬ রান করেন ডিওন মায়ার্স। মিডল অর্ডারের তিন ব্যাটার ব্যর্থ হবার পর তাশিঙ্গা মুসেকিওয়ার ২৮ বলে ঝড়ো ৫৪ রানের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৭ রানের বড় সংগ্রহ পায় জিম্বাবুয়ে।
সুফিয়ান মেহমুদ ২২ রানে ৩ উইকেট নেন।
জবাবে ২৮ রানে প্রথম উইকেট পতনের পর ওমানকে দ্বিতীয় উইকেট জুটিতে ৪২ বলে ৭৯ রান এনে দেন জতিন্দার সিং ও হাম্মাদ মির্জা। ৮টি চার ও ১টি ছক্কায় ৩৩ বলে ৫৫ রানে আহত অবসর নেন জতিন্দার। ২৫ বলে ৩৫ রানে থামেন মির্জা।
মিডল অর্ডারে ওয়াসিম আলি ৪ ও কারান সোনাভেল ১৫ রানে আউট হলে চাপে পড়ে ওমান। কিন্তু ছয় নম্বরে নামা জিতান রামানান্দির ১৮ বলে ৪টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৩৪ রানে ৪ বল বাকী থাকতে জয় পায় ওমান।
প্রস্তুতি পর্বে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ২৯ রানে জয় পায় জিম্বাবুয়ে। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকা ‘এ’ দলের বিপক্ষে ৫ উইকেটে জয় পায় ওমান।
প্রস্তুতি ম্যাচে টানা দুই জয় নিয়ে বিশ্বকাপ শুরু করবে ওমান। বিশ্বকাপেও নিজেদের প্রথম ম্যাচে ৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামবে তারা। কারণ বিশ্বকাপে ‘বি’ গ্রুপে জিম্বাবুয়ে ও ওমান। ঐ গ্রুপে আরও আছে অস্ট্রেলিয়া, শ্রীলংকা ও আয়ারল্যান্ড।