শিরোনাম

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : এই মুহূর্তে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শীতের যে দাপট চলছে তাতে গ্রীষ্মে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপ অনেক দূরের মনে হতে পারে। কিন্তু বাস্তবে টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র ১২৬ দিন বাকি।
ইতিহাসের প্রথমবারের মত ৪৮ দল নিয়ে আয়োজিত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটি’র আইকনিক আজটেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। এটি ২০১০ সালে জোহানেসবার্গে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ উদ্বোধনী ম্যাচের পুনরাবৃত্তি।
ডিসেম্বরে গ্রুপ পর্বের ড্র ঘোষণার পর থেকেই টুর্নামেন্টের উত্তেজনা বেড়েছে। বিশ্বকাপের কাউন্টডাউনে আজকের দিনটি আরেকটি গুরুত্বপূর্ণ দিন, কারণ আজই বিশ্বজুড়ে ভক্তরা জানতে পারবেন, তারা কাঙ্খিত বিশ্বকাপের টিকিট পাচ্ছেন কি না।
ফিফা জানিয়েছে, ১৪ জানুয়ারি টিকিট বিক্রির র্যান্ডম সিলেকশন ড্র শেষ হওয়ার পরদিন ঘোষণা করা হয় যে ৫ ফেব্রুয়ারি ইমেইলের মাধ্যমে আবেদনকারীদের জানানো হবে তাদের আবেদন সফল হয়েছে, আংশিক সফল হয়েছে, নাকি ব্যর্থ হয়েছে।
যাদের আবেদন সফল হবে, ফিফা তাদের দেওয়া অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে টিকিটের মূল্য কেটে নেবে।
আংশিকভাবে সফল আবেদন বলতে বোঝায়, আপনি যেসব ম্যাচের জন্য টিকিট চেয়েছিলেন তার সবগুলোর জন্য নয়, তবে অন্তত একটি ম্যাচের জন্য নির্ধারিত সংখ্যক টিকিট পাবেন।
ফিফার দাবি অনুযায়ী, ২০২৫ সালের ১১ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১৩ জানুয়ারি পর্যন্ত ৩৩ দিনের টিকিট আবেদনের সময় তারা প্রায় ৫০ কোটি টিকিটের আবেদন পেয়েছে।
এই সময়ে প্রতিদিন গড়ে প্রায় ১ কোটি ৫০ লাখ টিকিটের আবেদন জমা পড়ে। বিশ্বের প্রতিটি প্রান্ত থেকেই আবেদন আসে। ফিফার সবকটি অর্থ্যাৎ ২১১টি সদস্য দেশের পক্ষ থেকেই আবেদন করা হয়েছে।
স্বাভাবিকভাবেই স্বাগতিক দেশ মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে সবচেয়ে বেশি আবেদন এসেছে।
এই তিন দেশের বাইরে সবচেয়ে বেশি আবেদন এসেছে জার্মানি, ইংল্যান্ড, ব্রাজিল, স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা ও কলম্বিয়া থেকে।
সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন ম্যাচ হলো ২৭ জুন মিয়মিতে অনুষ্ঠিতব্য কলম্বিয়া বনাম পর্তুগাল গ্রুপ ম্যাচ। যা খুব একটা আশ্চর্য্যরে নয়, কারণ দুই দেশের সমর্থকরাই শীর্ষ আবেদনকারীদের মধ্যে ছিলেন।
৬ জুন মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচ এবং ১৮ জুন গুয়াদালাহারায় মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়ার গ্রুপ ম্যাচও শীর্ষ পাঁচের মধ্যে রয়েছে।
২ জুলাই টরন্টোতে অনুষ্ঠিতব্য রাউন্ড অব ৩২-এর কানাডায় আয়োজিত ম্যাচটিও শীর্ষ পাঁচে জায়গা পেয়েছে। এছাড়া ১৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটিও স্বাভাবিকভাবেই শীর্ষ পাঁচে রয়েছে।
কেউ যদি এবার টিকিট না পান, তবুও হতাশ হওয়া কারণ নেই। কারন ফিফা জানিয়েছে আরেকবার সুযোগ থাকবে। ফিফা যাকে “লাস্ট-মিনিট সেলস ফেজ” বলছে, সেটি টুর্নামেন্ট শুরুর কাছাকাছি সময়ে চালু হবে এবং ফাইনাল পর্যন্ত খোলা থাকবে। এই পর্যায়ে টিকিট আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিক্রি করা হবে।
এছাড়া যোগ্য টিকিটধারীদের জন্য ফিফার রিসেল/এক্সচেঞ্জ মার্কেটপ্লেস থাকবে, যেখানে টিকিট কেনা বা বিক্রি করা যাবে।
বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউইয়র্ক সিটিতে।
গ্রুপ পর্বের ম্যাচগুলো চলবে ২৮ জুন পর্যন্ত।