বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৩

প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাল আফগানিস্তান

ছবি : সংগৃহীত

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ২৩ রানে হারিয়েছে আফগানিস্তান। প্রথম প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে ৬১ রানে হারিয়েছিল আফগানরা। 

গতরাতে ব্যাঙ্গালুরুতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫৩ বলে ৯০ রানের জুটি গড়েন আফগানিস্তানের দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। 

৪টি চার ও ২টি ছক্কায় ২৮ বলে ৪৩ রান তুলে ফিরেন গুরবাজ। ৩টি করে চার-ছক্কায় ৩৪ বল খেলে ৫১ রান করেন ইব্রাহিম।

দলীয় ১১০ রানের মধ্যে দুই ওপেনার ফেরার পর মিডল অর্ডারে দারউইশ রাসুলির ১৭ বলে ২৭ এবং আজমতুল্লাহ ওমারজাইর ১৫ বলে ৩৫ রানের কল্যাণে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। 

জবাবে আফগানিস্তান বোলারদের তোপে ৮২ রানে ৭ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। এসময় রোভম্যান পাওয়েল ৩২ ও ব্র্যান্ডন কিং ১১ রান করেন। বাকী পাঁচ ব্যাটারের কেউই দুই অংকে পা রাখতে পারেননি। 

অষ্টম উইকেটে আফগানিস্তান বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন জেসন হোল্ডার ও ম্যাথু ফোর্ড। দু’জনের ৪১ বলে ৭৭ রানের অবিচ্ছিন্ন জুটিতেও হার এড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। 

৪টি করে চার-ছক্কায় ২৬ বলে ফোর্ড অনবদ্য ৫২ রান করেন। ৩টি চারে ২৩ বলে ২৫ রানের অপরাজিত থাকেন হোল্ডার। 

আফগানিস্তানের ওমারজাই ও মুজিব ২টি করে উইকেট নেন। 

মূল লড়াইয়ের আগে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে বিশ্বকাপ শুরু করবে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।