শিরোনাম

ঢাকা, ৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : নেপালে সদ্য শেষ হওয়া আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে সোমবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল।
বাছাই পর্বে গ্রুপ ও সুপার সিক্স মিলিয়ে মোট সাত ম্যাচ খেলে সবগুলোতেই জয় পায় বাংলাদেশ দল। বাছাই পর্বের সেরা দল হয়ে চলতি বছরের জুন-জুলাই মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে টাইগ্রেসরা।
বিমানবন্দরে বাংলাদেশ নারী দলকে স্বাগত জানান বিসিবি পরিচালক এবং নারী উইং কমিটির চেয়ারপারসন রুবাবা দৌলা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরুর আগে কিছুদিন বিশ্রাম নেবেন নারী দলের ক্রিকেটাররা।
বৈশ্বিক ইভেন্টের জন্য ভালভাবে প্রস্তুতি নিতে নারী ক্রিকেটারদের জন্য কিছু আন্তর্জাতিক ম্যাচের ব্যবস্থা করার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।