শিরোনাম

ঢাকা, ৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : আল-ইত্তিহাদের সঙ্গে মতবিরোধের জেরে সৌদি আরবের আরেক ক্লাবে যোগ দিয়েছেন ফরাসি তারকা স্ট্রাইকার করিম বেনজেমা।
সোমবার সৌদি লিগের বর্তমান শীর্ষ দল আল-হিলাল জানিয়েছে, ১৮ মাসের চুক্তিতে তাদের দলে নাম লিখিয়েছেন বেনজেমা।
ক্লাবটি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেয়, “করিম বেনজেমা এখন আনুষ্ঠানিকভাবে হিলালি।”
২০২২ সালের ব্যালন ডি’অর জয়ী বেনজেমা চলতি মৌসুমে লিগে ১৪ ম্যাচে আট গোল করেছেন। আল-হিলাল জানিয়েছে, তিনি ফ্রি ট্রান্সফারে দলে যোগ দিয়েছেন।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড আল-ইত্তিহাদের দেওয়া চুক্তি নবায়নের প্রস্তাবে অসন্তুষ্ট থাকায় দলের শেষ দুটি ম্যাচে অংশ নেননি।
বেনজেমার ঘনিষ্ঠ সূত্র জানায়, সৌদি লিগের স্পোর্টিং ডিরেক্টর মাইকেল এমেনালো তার কাছে যে প্রস্তাব দিয়েছিলেন, সেটিকে তিনি “অপমানজনক” মনে করেছিলেন। কারণ প্রস্তাবটি কার্যত ইমেজ রাইটস বাদে “বিনামূল্যে খেলার” শামিল ছিল।
ফ্রান্স জাতীয় দলের সাবেক খেলোয়াড় বেনজেমা ২০২৩ সালে রিয়াল মাদ্রিদে ১৪ মৌসুম কাটানোর পর সৌদি আরবে পাড়ি জমান। গত মৌসুমে তিনি ২১ গোল করে আল-ইত্তিহাদকে লিগ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
চলতি মৌসুমে আল-ইত্তিহাদ শীর্ষে থাকা আল-হিলালের থেকে ১২ পয়েন্ট পিছিয়ে রয়েছে।
রিয়াদভিত্তিক আল-হিলাল ও জেদ্দাভিত্তিক আল-ইত্তিহাদ- দুটি ক্লাবই সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-এর মালিকানাধীন।