শিরোনাম

ঢাকা, ৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি কার্স্টি কভেন্ট্রি বলেছেন, সংস্থাটির নিরপেক্ষতা বজায় রাখতে হলে খেলাধুলার দিকেই মূল মনোযোগ দিতে হবে।
আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া শীতকালীন অলিম্পিকের আগে মিলানে আইওসি সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে কভেন্ট্রি বলেন, “আমরা সবার জন্য সবকিছু হতে পারি না। অলিম্পিক গেমস এবং এর প্রতিনিধিত্বকারী মূল্যবোধই আমাদের সবচেয়ে বড় সম্পদ।”
গত বছরের মার্চে নির্বাচিত হওয়ার পর ৪২ বছর বয়সী জিম্বাবুয়ের সাবেক এই সাঁতারু অলিম্পিক আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। তবে রাজনৈতিক বিষয়গুলোতে নিজের অবস্থান নিয়ে তিনি এখনো বেশ সংযত।
তার পূর্বসূরি থমাস বাখের সময়ে আইওসি নিজেদের কর্মকান্ডের পরিসর বাড়ায়। পরিবেশগত প্রভাব, মানবাধিকার, প্রতিযোগিতার স্বচ্ছতা এবং খেলাধুলায় সহিংসতার বিরুদ্ধে লড়াইসহ নানা ক্ষেত্রে নিজেদেরকে ক্রীড়া সংস্থাগুলোর মধ্যে শীর্ষ কর্তৃত্ব হিসেবে প্রতিষ্ঠা করে।
আইওসি সদস্যদের উদ্দেশ্যে কভেন্ট্রি বলেন, “নির্বাচনী প্রচারণার সময় এবং এরপরের বহু আলোচনায় আমি আপনাদের কাছ থেকে একই বার্তা শুনেছি, আমাদের মূল কাজে মনোযোগ দিন। আমরা একটি ক্রীড়া সংস্থা।”
তিনি যোগ করেন, “আমরা রাজনীতি বুঝি এবং জানি আমরা শূন্যে কাজ করি না। কিন্তু আমাদের লক্ষ্য হলো খেলাধুলা। এর মানে হলো খেলাকে একটি নিরপেক্ষ ক্ষেত্র হিসেবে রাখা, যেখানে প্রতিটি ক্রীড়াাবিদ তাদের সরকারের রাজনীতি বা বিভাজনের কারণে কোনো বাঁধা ছাড়াই প্রতিযোগিতা করতে পারে।”
অগ্রাধিকার প্রসঙ্গে কভেন্ট্রি স্পষ্ট করে বলেন, “অলিম্পিক গেমসের ভবিষ্যৎ, বিশেষ করে অলিম্পিক প্রোগ্রামগুলো যাতে তরুণদের জন্য অনুপ্রেরণাদায়ক থাকে। এর মানে হলো ঐতিহ্য ও উদ্ভাবনের মধ্যে সঠিক ভারসাম্য খুঁজে পাওয়া, স্থিতিশীলতা ও নমনীয়তার মধ্যে ভারসাম্য রাখা। এর অর্থ আমাদের খেলাগুলো, ডিসিপ্লিন ও ইভেন্টগুলোকে নতুন চোখে দেখা, যাতে আমরা সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারি।”