বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৫

শীতকালীন ট্রান্সফারের শেষ দিনে তিন খেলোয়াড় দলে টেনেছে এ্যাথলেটিকো

ঢাকা, ৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : শীতকালীন ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে এ্যাথলেটিকো মাদ্রিদ একযোগে তিনটি বড় দলবদল সম্পন্ন করেছে। সোমবার তারা মিডফিল্ডার রদ্রিগো মেন্ডোজা ও ওবেদ ভার্গাসকে দলে নিয়েছে, পাশাপাশি ফরোয়ার্ড আদেমোলা লুকম্যানের আগমনও নিশ্চিত করেছে।

লা লিগায় বর্তমানে তৃতীয় স্থানে থাকা এ্যাথলেটিকো শীর্ষে থাকা বার্সেলোনার থেকে ১০ পয়েন্ট পিছিয়ে আছে। শীতকালীন ট্রান্সফার উইন্ডোর শুরুতেই কনর গালাহার ও গিয়াকোমো রাসপাডোরি দল ছাড়ায় কোচ দিয়েগো সিমিওনে নতুন শক্তি যোগ করার অনুরোধ জানিয়েছিলেন।

মেন্ডোজা এলচে থেকে প্রায় ২০ মিলিয়ন ইউরো (২৩.৫ মিলিয়ন ডলার) ট্রান্সফার ফিতে যোগ দিয়েছেন বলে জানা গেছে। যদিও এ্যাথলেটিকো আনুষ্ঠানিকভাবে অঙ্কটি জানায়নি। তিনি ২০৩১ সাল পর্যন্ত চুক্তিতে সই করেছেন।

২০ বছর বয়সী ওবেদ ভার্গাস যুক্তরাষ্ট্রের এমএলএস ক্লাব সিয়াটল সাউন্ডার্স থেকে এসেছেন। গত গ্রীষ্মে ক্লাব বিশ্বকাপে এ্যাথলেটিকোর বিপক্ষে খেলেছিলেন তিনি।

এ্যাথলেটিকো রোববার আটালান্টা থেকে আদেমোলা লুকম্যানকে দলে নেওয়ার চুক্তির ঘোষণা দেয়, যার মূল্য ধরা হয়েছে প্রায় ৪০ মিলিয়ন ইউরো। সোমবার আনুষ্ঠানিকভাবে ট্রান্সফারটি সম্পন্ন হয়। নাইজেরিয়ান এই ফরোয়ার্ড ২০৩০ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হন।

শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে লা লিগার ক্লাবগুলো সাধারণত খুব কম অর্থ ব্যয় করে থাকে । বার্সেলোনা আল-হিলাল থেকে ধারে হুয়াও ক্যানসেলোকে দলে নিয়েছে, আর রিয়াল মাদ্রিদ এই সময়ে কোনো নতুন সই করেনি।