বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৩

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে সোবহানা, ২০৬ ধাপ এগিয়েছেন মারুফা

ঢাকা, ৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : আইসিসি নারী টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের ব্যাটার নিগার সুলতানা, সোবহানা মোস্তারি, দিলারা আক্তার এবং বোলার নাহিদ আক্তার, স্বর্ণা আক্তার ও মারুফা আক্তারের। 

সদ্য শেষ হওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে নিগার-সোবহানাদের। 

আজ নারী টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বাছাই পর্বে ৭ ম্যাচ খেলে সবগুলোতে জিতে আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠেয় দশম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ দল। 

আসরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন সোবহানা। ১টি হাফ-সেঞ্চুরিতে ৭ ইনিংসে ২৬২ রান করেন তিনি। গেল সপ্তাহে তিন ম্যাচ খেলে ১টি হাফ-সেঞ্চুরিতে ১৩৯ রান করায় র‌্যাংকিংয়ে ১৬ ধাপ উন্নতি হয়েছে সোবহানার। ৪৯৬ রেটিং নিয়ে ৩৬তম স্থানে উঠেন এই ডান-হাতি ব্যাটার। এটি তার ক্যারিয়ার সেরা র‌্যাংকিং ও রেটিং।

৩ ধাপ এগিয়ে ৫৯৯ রেটিং নিয়ে তালিকার ১৯তম স্থানে উঠেছেন অধিনায়ক নিগার। বাংলাদেশের পক্ষে নিগারই র‌্যাংকিংয়ে সেরা অবস্থানে। বাছাই পর্বে ২ হাফ-সেঞ্চুরিতে

৭ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ১৫৪ রান করেন তিনি। এরমধ্যে শেষ দুই ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৫৬ এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ৫০ রানের ইনিংস খেলেন  তিনি। 

বাছাই পর্বে ৭ ইনিংসে ১৫৫ রান করেন র‌্যাংকিংয়ে পাঁচ ধাপ উন্নতি হয়েছে দিলারার। ৩৯৭ রেটিং নিয়ে ৬৫তম স্থানে আছেন তিনি। 

বোলারদের র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে পেসার নাহিদার। গেল সপ্তাহে ৩ ম্যাচে ৪ উইকেট নেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে র‌্যাংকিংয়ে ৮ ধাপ এগিয়েছেন নাহিদা। এখন ২৮তম স্থানে আছেন তিনি। 

বাছাই পর্বে সর্বশেষ তিন ম্যাচে পাঁচ উইকেট নিয়ে ৪৩ ধাপ উন্নতি হয়েছে স্পিনার স্বর্ণার। ৭৪তম স্থানে আছেন তিনি।

র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন পেসার মারুফা। গেল সপ্তাহে থাইল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে তিনটি করে মোট ৬ উইকেট শিকার করেন তিনি। দুর্দান্ত বোলিং পারফরমেন্সে ২০৬ ধাপ এগিয়ে যৌথভাবে ৯২তম স্থানে আছেন মারুফা। তার রেটিং ৩৬৪। 

অলরাউন্ডারদের তালিকায় ১৭ ধাপ এগিয়ে ২৭তম স্থানে উঠেছেন স্বর্ণা। 

টি-টোয়েন্টিতে ব্যাটারদের তালিকায় অস্ট্রেলিয়ার বেথ মুনি, বোলারদের তালিকায় অসিদের অ্যানাবেল সাদারল্যান্ড এবং  অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।