বাসস
  ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১১

রিফাতের হাফ-সেঞ্চুরিতে তৃতীয় জয় অদম্যর

ঢাকা, ২ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : ওপেনার রিফাত সানজিদ শিহাবের হাফ-সেঞ্চুরিতে সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপে তৃতীয় জয়ের দেখা পেয়েছে অদম্য। 

পঞ্চম রাউন্ডের ম্যাচে আজ অদম্য ১১ রানে হারিয়েছে অনির্বানকে। 

ক্রিকেটার্স একাডেমি গ্রাউন্ডে টস জিতে অদম্যকে ব্যাট করতে পাঠায় অনির্বান। ব্যাট হাতে দারুণ শুরু পায় অদম্য। রিফাতের ঝড়ো ব্যাটিংয়ে ৩২ বলে ৭৪ রানের সূচনা পায় অদম্য। এরমধ্যে ৮টি চার ও ২টি ছক্কায় ২২৯ স্ট্রাইক রেটে ২৪ বলে ৫৫ রান করে থামেন রিফাত।

আরেক ওপেনার রমজান হোসেনের ব্যাট থেকে আসে ৩৩ বলে ৩৭ রান। মিডল অর্ডারে সাইদ সরকার ১৮ বলে ২৫ রান করে ফিরলেও, লোয়ার অর্ডারের দৃঢ়তায় ২০ ওভারে ৯ উইকেটে ১৭৬ রানের সংগ্রহ পায় অদম্য। 

লোয়ার অর্ডারে সুশান্ত ১৩, সুজন হাওলাদার ১২ ও নাজমুল হোসেন ১১ রান করেন। অনির্বানের মোহাম্মদ সুমন ২৬ রানে ৩ উইকেট নেন। 

জবাবে ওপেনার ইমরান হোসেন ব্যক্তিগত ১৬ রানে আউট হলে দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়ার চেষ্টা করেন আরেক ওপেনার মুহাম্মদ ফজলে রাব্বি ও মুহাম্মদ সুজন। জুটিতে ৫১ রান যোগ করে বিচ্ছিন্ন হন তারা। 

ফজলে ৩৫ ও সুজন ৪৩ রানে থামলে, পরের দিকে আর কোন ব্যাটার দলকে জয়ের বন্দরে নিতে পারেননি। ২১ বলে ৩৬ রানের ইনিংস খেলেও দলের হার রুখতে পারেননি ইফতেখারুজ্জামান। ২০ ওভারে ৮ উইকেটে ১৬৫ রান করে অনির্বান। 

এই জয়ে ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠল অদম্য। সমানসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে অনির্বান।