বাসস
  ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১০

প্রিন্স-সালেহিন নৈপুণ্যে জয়ের ধারায় ফিরল অপরাজেয়

ঢাকা, ২ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : আসাদুজ্জামান প্রিন্সের বোলিং ও সালেহিন রিফাত সাদের ব্যাটিং দৃঢ়তায় সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপে জয়ের ধারায় ফিরল অপরাজেয়। নিজেদের পঞ্চম ম্যাচে আজ অপরাজেয় ৩ উইকেটে হারিয়েছে দুর্বারকে। 

এই জয়ে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে অপরাজেয়। সমানসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট  নিয়ে সপ্তম স্থানে আছে দুর্বার। 

পিকেএসপি-১ মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি দুর্বার। প্রিন্সের বোলিং তোপে ১৯.৪ ওভারে ১৩৬ রানে অলআউট হয় দুর্বার। 

দলের হয়ে ফাহিম মুনসি ২২ বলে ৩৪, ইরফান সাবরি তাকরির ১৬ বলে ৩৩ রান করেন। 

পঞ্চম বোলার হিসেবে আক্রমণে এসে ৪ ওভারে ১৩ রানে ৪ উইকেট নেন প্রিন্স। 

১৩৭ রান তাড়া করতে নেমে ৫৭ রানে ৪ উইকেট হারায় অপরাজেয়। উপরের ব্যাটাররা ব্যর্থ হলে দলের হাল ধরেন ছয় নম্বরে নামা সালেহিন। ২৫২ স্ট্রাইক রেটে ৪টি চার ও ৫টি ছক্কায় ২১ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলে দলের জয়ের আশা বাঁচিয়ে রাখেন তিনি।

দলের জয় থেকে ১৫ রান দূরে থাকতে সালেহিন আউট হলে অপরাজেয়র জয় নিশ্চিত করেন প্রিন্স ও রায়হান উদ্দিন। প্রিন্স ৫ ও রায়হান ১২ রানে অপরাজিত থাকেন। 
নাহিদ হাসান ও শাওন কাজি ২টি করে উইকেট নেন।