বাসস
  ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০১

টানা চতুর্থ জয়ে টেবিলের শীর্ষে অগ্রণী

ঢাকা, ২ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : টানা চতুর্থ জয়ে সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল অগ্রণী। নিজেদের পঞ্চম ম্যাচে আজ অগ্রণী ২ উইকেটে হারিয়েছে অদ্বিতীয়কে। 

এই জয়ে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে উঠল অগ্রণী। ৫ ম্যাচে ৮ পয়েন্ট আছে অপরাজেয়রও। কিন্তু রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। এই হারে ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে অদ্বিতীয়। 

পূর্বাচলের জাতীয় ক্রিকেট মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৯ রানে ৩ উইকেট হারায় অদ্বিতীয়। এক প্রান্ত দলের রানে চাকা সচল রেখে ব্যক্তিগত ৩৩ রানে থামেন শাহানুর রহমান।

৭৭ রানে চতুর্থ উইকেট পতনের পর জুটি বেঁধে অদ্বিতীয়কে লড়াকু পুঁজি এনে দেন মোহাইমিনুল খান ও ইজহারুল ইসলাম। দু’জনের ৮৪ রানের জুটিতে ২০ ওভারে ৫ উইকেটে ১৬১ রান পায় অদ্বিতীয়। 

ইনিংসের শেষ বলে আউট হবার আগে ১ চার ও ৫ ছক্কায় ২০ বলে ৩৯ রান করেন ইজহারুল। ৩টি চার ও ৪টি ছক্কায় ৪২ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন মোহাইমিনুল। অগ্রণীর চার বোলার ১টি করে উইকেট নেন। 

জবাব দিতে নেমে শাহরিয়ার হোসেন ও সাইফুল ইসলামের ছোট-ছোট ইনিংসের সাথে অধিনায়ক নবিন ইসলামের দায়িত্বপূর্ণ ব্যাটিংয়ে ৩ বল বাকী থাকতে জয় পায় অগ্রণী। 

ওপেনার শাহরিয়ার ১৭ বলে ৩৩ ও সাইফুল ২১ বলে ৩৪ রান করেন। 

সতীর্থরা সঙ্গ দিতে না পারলেও ছয় নম্বরে নেমে ৪৭ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন নবিন। তার ৩১ বলের ইনিংসে ২টি চার ও ৪টি ছক্কা ছিল। 

শাওন গাজী ৩ উইকেট নেন।